ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কে এই হামলাকারী, যেভাবে প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 April, 2026, 11:14 AM

কে এই হামলাকারী, যেভাবে প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প

কে এই হামলাকারী, যেভাবে প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারের বাইরে গুলির ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানের ভেন্যু ওয়াশিংটন হিলটন হোটেলে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী দ্রুত ট্রাম্পকে সরিয়ে নেয়।

এদিকে, সন্দেহভাজন হামলাকারীর আংশিক পরিচয় প্রকাশ করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। তারা জানিয়েছে, ঘটনাটি হোটেলের একটি স্ক্রিনিং এলাকায় ঘটে। সন্দেহভাজন ব্যক্তির পরিচয় হিসেবে মার্কিন গণমাধ্যমগুলো ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেনের নাম উল্লেখ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে সহিংসতা এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্তর্বর্তীকালীন চিফ জেফরি ডব্লিউ ক্যারল জানিয়েছেন, হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে আটক সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক অস্ত্র পাওয়া গেছে। আজ এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত জানান।

ক্যারল বলেন, ‘আটক ব্যক্তির কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান (পিস্তল) এবং একাধিক ছুরি ছিল।’ পুলিশ জানিয়েছে, ওই যুবক একাই এই হামলা চালানোর চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো বড় ধরনের বিপদের ঝুঁকি নেই।

এ ঘটনায় আহত সিক্রেট সার্ভিসের সদস্যের বিষয়ে পুলিশ চিফ জানান, গুলিবিদ্ধ ওই এজেন্টকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ‘বেশ ভালো অবস্থায়’ আছেন।

পুলিশ আরও নিশ্চিত করেছে যে, আটক করার সময় সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে কোনো গুলি চালানো হয়নি এবং তিনি গুলিতে আহত হননি। উচ্চ পর্যায়ের এই অনুষ্ঠানে এতগুলো মরণাস্ত্র নিয়ে কীভাবে এক ব্যক্তি প্রবেশ করলেন, তা নিয়ে নিবিড় তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এক ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্ট ভেঙে ঢোকার চেষ্টা করে। তাকে দ্রুত গুলি করে নিষ্ক্রিয় করা হয় এবং বর্তমানে সে হেফাজতে রয়েছে। ট্রাম্প ওই ব্যক্তিকে “অত্যন্ত অসুস্থ মানসিকতার” এবং “সন্ত্রাসী মনোভাবাপন্ন” বলে বর্ণনা করেন।

তিনি আরও জানান, হামলার সময় একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তার বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি প্রাণে বেঁচে যান এবং বর্তমানে সুস্থ আছেন।

এই ঘটনায় ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে ছিলেন। গুলির শব্দ শোনা মাত্রই ডিনার হলে উপস্থিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হলে।

এফবিআই জানিয়েছে, হামলাকারীর পেছনের উদ্দেশ্য ও তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জনগণকে এ বিষয়ে যে কোনো তথ্য থাকলে তা জানাতে আহ্বান জানানো হয়েছে।

ট্রাম্প তার বক্তব্যে বলেন, “এটি প্রথম ঘটনা নয়। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের রাষ্ট্র বারবার হামলার লক্ষ্য হয়েছে।” তিনি দেশবাসীকে শান্তিপূর্ণভাবে মতভেদ নিরসনের আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগেও ট্রাম্প একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন। ২০২৪ সালে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে গুলির ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা জানিয়ে ট্রাম্প বলেন, অনুষ্ঠানটি পরে পুনরায় আয়োজন করা হবে। তিনি অনুষ্ঠানটি চালিয়ে যেতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status