ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শখ করে কেউ এ পথে আসে না’: মাদক মামলায় গ্রেপ্তার নারী ৩ সন্তানসহ কারাগারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 9:18 PM

শখ করে কেউ এ পথে আসে না’: মাদক মামলায় গ্রেপ্তার নারী ৩ সন্তানসহ কারাগারে

শখ করে কেউ এ পথে আসে না’: মাদক মামলায় গ্রেপ্তার নারী ৩ সন্তানসহ কারাগারে

“স্বামী আমাদের খবর নেয় না। উল্টো মাঝে-মধ্যে এসে মারধর করে। বাচ্চাদের এক বেলা খাবার দেয় না।"

গাঁজাসহ গ্রেপ্তার এক নারীকে তার তিন শিশু সন্তানসহ কারাগারে পাঠিয়েছে আদালত; আর তার বড় ছেলেকে পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে।

ঢাকার পৃথক দুই আদালত বুধবার এ আদেশ দেয়। লাকী আক্তার নামের ওই নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘শখ করে’ কেউ এ পথে আসে না।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩০ কেজি গাজা নিয়ে মঙ্গলবার ঢাকায় আসেন লাকী আক্তার। এ সময় তার সঙ্গে ছিল চার ছেলে মেয়ে। তাদের মধ্যে দুই ছেলের বয়স ১৭ ও ৫ বছর। আর দুই মেয়ের বয়স ৬ ও ১ বছর।

বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা করা হয়।

বুধবার তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই জাহিদা আফরোজ। লাকীকে কারাগারে আটক রাখার এবং তার বড় ছেলেকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন তিনি।

প্রসিকিউশন পুলিশের এসআই আবু বকর ভূঁইয়া বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে লাকী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

“তার পক্ষে জামিনের কোনো আবেদন ছিল না। তার তিন শিশু সন্তানকেও মায়ের সাথে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।”

লাকীর বড় ছেলে কিশোর বয়সী হওয়ায় তার বিষয়ে শুনানি হয় শিশু আদালতে। ঢাকার শিশু আদালত-৭ এর বিচারক সোহেল রানা তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক হোসেন জনি।

কারাগারে নেওয়ার আগে আদালতের বারান্দায় লাকীর সঙ্গে কথা বলার সুযোগ হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "কেউ শখ করে এই রাস্তায় আসে না। স্বামী আমাদের খবর নেয় না। উল্টো মাঝে-মধ্যে এসে মারধর করে। বাচ্চাদের এক বেলা খাবার দেয় না।"

কপালে কাঁটা দাগ দেখিয়ে এই নারী বলেন, "এই দেখেন, ৩টা সেলাই লাগছে।"

আত্মীয়-স্বজনের বিষয়ে জানতে চাইলে লাকী বলেন, তার মা চট্টগ্রামে থাকেন, ভাই বিদেশে। স্বামী দুটো বিয়ে করেছেন। বাচ্চাদের কারো কাছে রেখে কোথাও যাবেন, সেই উপায় নেই।

কারাগারে পাঠানোর আদেশের পর এক আইনজীবী লাকী আক্তারের পক্ষে মামলা লড়তে ওকালতনামায় স্বাক্ষর নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই আইনজীবী বলেন,"আগামীকাল জামিন আবেদন করব। আশা করছি, মানবিক দিকে বিবেচনায় আদালত জামিন মঞ্জুর করবেন।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status