ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2026, 5:27 PM

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। স্থানীয় সময় রোববার (২১ জুন) ভোরে কাতারের একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন- কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোরে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন ওই প্রবাসীরা। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল তা এখনও স্পষ্ট নয়; দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, জীবিকার তাগিদে মরুভূমির দেশে পাড়ি জমানো এই রেমিট্যান্স যোদ্ধাদের আকস্মিক মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কানাইঘাটের বাতাস। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেশে থাকা ভুক্তভোগী পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে এই দুঃসংবাদ জানানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে ছুটে যান। তারা সেখানে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার উদ্যোগ নেন।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাগজপত্র সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো দেশে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে কাতার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এ বিষয়ে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার’-এর সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে তারা সার্বক্ষণিক সমন্বয় করছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ যতো দ্রুত সম্ভব স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status