গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৪৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 2:57 PM
গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৪৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা। অভিযানে মাদক বিক্রির নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, (০১ জুন) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানা পুলিশের একাধিক চৌকস টিম মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ছোট দেওড়া কাজীবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ জামান (৫৫)। তিনি গাজীপুর সদর থানার সামান্তপুর মধ্যপাড়া (বড় মসজিদের দক্ষিণ পাশে) এলাকার চান মিয়ার ছেলে। তার মায়ের নাম তমিজ খাতুন।
এদিকে পুলিশের অপর একটি দল একইদিন সদর থানাধীন ভাওরাইদ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,৩০০ টাকাসহ মোঃ লাল মিয়া (২৮) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাল মিয়া ভাওরাইদ উত্তরপাড়া কলোনী (ওয়ার্ড নং-২৩) এলাকার মোতালিব মিয়ার ছেলে। তার মায়ের নাম ওমেলা খাতুন।
সদর থানা পুলিশ ও জিএমপি মিডিয়া ফোকাল পয়েন্ট জানিয়েছে, গ্রেফতারকৃত উভয় মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীকে মাদকমুক্ত করতে পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয় পৃথক দু'টি বিজ্ঞপ্তিতে।