|
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নতুন সময় প্রতিবেদক
|
![]() আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আজ সোমবার (১৫ জুন) জনস্বার্থে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে। রিট আবেদনে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্সেও চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনকারীর দাবি, ওই আইন অনুসারেই আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। মো. ইউনুছ আলী আকন্দ বলেন, ১৯৮২ সালের যে অধ্যাদেশের অধীনে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে তা অবৈধ। এই আইনটি সামরিক ফরমানের মাধ্যমে প্রণীত হয়েছিল, যা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করেছেন। এই আইনে কোনো হাসপাতালের লাইসেন্স বাতিলের বিধান নেই উল্লেখ করে এই আইনজীবী বলেন, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী, কারণ অনেক মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন। উল্লেখ্য, গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে। এর আগে গত ২৭ মে ঈদের আগের দিন সকালে হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
