ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা, স্বাস্থ্যঝুঁকিতে চরের শ্রমজীবী নারীরা
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Monday, 15 June, 2026, 5:11 PM

গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা, স্বাস্থ্যঝুঁকিতে চরের শ্রমজীবী নারীরা

গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা, স্বাস্থ্যঝুঁকিতে চরের শ্রমজীবী নারীরা

কুড়িগ্রামের চিলমারীতে চলমান তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই প্রতিকূল আবহাওয়ায় সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন চরাঞ্চলের শ্রমজীবী নারীরা। দীর্ঘ সময় মাঠে কাজ করার ফলে তাদের মধ্যে মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, মূত্রনালির সংক্রমণ (ইউটিআই), জরায়ুজনিত বিভিন্ন সংক্রমণ এবং ত্বকের নানাবিধ রোগের প্রকোপ বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, অসচেতনতা ও লোকলজ্জার কারণে এ স্বাস্থ্যঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানান, গরমের এই সময়ে চরাঞ্চলের নারীদের মধ্যে মূত্রনালির সংক্রমণ ও বিভিন্ন চর্মরোগের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চরের বালুকাময় পরিবেশ, তীব্র রোদ এবং অতিরিক্ত ঘামের কারণে চুলকানি, লাল দানা, ঘামাচি ও একজিমাসহ নানা ত্বকজনিত সমস্যা দেখা দিচ্ছে। অনেক নারী ব্যক্তিগত সমস্যাকে লজ্জার বিষয় মনে করে প্রাথমিক অবস্থায় চিকিৎসা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

চিকিৎসকদের মতে, চরের অধিকাংশ নারী মাসিকের সময় সুতি কাপড় ব্যবহার করেন। এসব কাপড় ব্যবহারের পর পরিষ্কার পানি ও সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকানো প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে লোকলজ্জার কারণে ভেজা কাপড় ঘরের কোণে বা স্যাঁতসেঁতে স্থানে শুকানো হয়, ফলে সেখানে জীবাণু ও ছত্রাক জন্ম নেয়। এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। একই সঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য অতিরিক্ত ক্ষারযুক্ত বা সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও ভায়া ইনচার্জ মোছা. শারমিন সুলতানা বলেন, অতিরিক্ত গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। দীর্ঘ সময় মাঠে কাজ করার ফলে প্রজনন অঙ্গের চারপাশ আর্দ্র থাকে, যা ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এছাড়া দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা এবং অপরিচ্ছন্ন বা ভেজা কাপড় ব্যবহারের কারণে জীবাণু সহজেই মূত্রনালি ও জরায়ুমুখে প্রবেশ করতে পারে। এর ফলে জরায়ুতে সংক্রমণ, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি), অতিরিক্ত সাদা স্রাব ও তীব্র চুলকানির মতো সমস্যা দেখা দেয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মে মাসে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ুজনিত সমস্যার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ১৬ জন নারী। চলতি জুন মাসের প্রথম ১০ দিনেই এ সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চিলমারী, নয়ারহাট ও অষ্টমীরচর এলাকার নারীরা পুরুষদের পাশাপাশি মাঠে দীর্ঘ সময় কাজ করছেন। প্রচণ্ড গরমে তারা দ্রুত পানিশূন্যতায় ভুগছেন, যা তাদের সামগ্রিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলছে।

চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দা মিমি খাতুন (ছদ্মনাম) বলেন, “এমনিতেই গরমে চরের বালুর ওপর হাঁটা যায় না। তার ওপর পেটব্যথা ও শারীরিক দুর্বলতায় কষ্ট হয়। লজ্জার কারণে এসব কথা কাউকে বলাও যায় না।”

একই এলাকার রুপা খাতুন (ছদ্মনাম) বলেন, “সারাদিন মাঠে কাজ করতে হয়। প্রচণ্ড গরমে শরীর ভিজে থাকে, অনেক সময় কাপড় পরিবর্তনের সুযোগও পাই না। কয়েকদিন ধরে চুলকানি ও জ্বালাপোড়ার সমস্যা বাড়ছে। কিন্তু সংসারের কাজের চাপে চিকিৎসকের কাছেও যাওয়া হয় না।”

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ১০ দিনে কুড়িগ্রাম জেলার গড় তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গড় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

আবহাওয়া ও জলবায়ু গবেষক শামছুদ্দোহা বলেন, বর্তমানে কুড়িগ্রাম জেলায় আর্দ্রতার পরিমাণ অনেক সময় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাচ্ছে। ফলে প্রকৃত তাপমাত্রার চেয়ে শরীরে গরমের অনুভূতি বেশি হচ্ছে। উচ্চ আর্দ্রতার কারণে ঘাম সহজে শুকায় না, যা অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. বেলাল হোসেন এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের এসএসিএমও জিয়াউল হক জানান, চলমান তাপপ্রবাহের কারণে চরাঞ্চলের নারীদের মধ্যে জরায়ু ও ত্বকজনিত সমস্যা আগের তুলনায় বেড়েছে। তারা নিয়মিতভাবে নারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দ্রুত চিকিৎসা গ্রহণের বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রান্ত সরকার বলেন, “তীব্র গরমে নারীদের সুতি ও ঢিলেঢালা পোশাক পরা উচিত। পর্যাপ্ত নিরাপদ পানি পান করতে হবে এবং ঘামে ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করতে হবে। দীর্ঘ সময় ভেজা কাপড় পরে থাকার কারণে কুচকি, বগল ও আঙুলের ফাঁকে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দিচ্ছে। এছাড়া ঘামগ্রন্থি বন্ধ হয়ে ত্বকে লাল দানা, চুলকানি ও জ্বালাপোড়ার সমস্যাও বাড়ছে।”

তিনি আরও বলেন, মাঠে কাজ শেষে শরীর ভালোভাবে মুছে শুকনা রাখতে হবে এবং প্রতিদিন পরিষ্কার পানিতে গোসল করতে হবে। পাশাপাশি কোনো ধরনের সংক্রমণ বা অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status