ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
এরশাদ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 August, 2026, 8:54 PM

এরশাদ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন

এরশাদ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন

হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

সোমবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মারা যাওয়ার তথ্য দিয়েছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল হক।

এদিন উত্তরা-৪ নম্বর সেক্টরে মাগরিবের নামাজের পর জানাজা শেষে সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এরশাদের সময়ে সেনাবাহিনী থেকে এসে মন্ত্রী হওয়া মেজর জেনারেল মহব্বত জান পরে রাজনীতিতেও নাম লেখান। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এ সেনা কর্মকরাতা ১৯৫৫ সালে পাকিস্তান সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন।

মেজর জেনারেল থাকার সময় ১৯৮২ সালে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করেন এরশাদ; ওইবছরের জুলাই থেকে ১৯৮৩ সালের জুলাই পর্যন্ত একবছর এ মন্ত্রণালয় সামলান মহব্বত জান।

গোয়েন্দা কর্মকর্তা হিসেবে এরশাদ-সমর্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও গ্রুপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি আলোচনায় এসেছিলেন। এসব সংগঠনের মধ্যে ছিল এরশাদের সামরিক শাসনকে সমর্থন করা জাতীয় ফ্রন্ট্র। ওই সময়কার বিদ্যমান ও নবগঠিত কয়েকটি দলের সমন্বয়ে এ জোট গঠন করা হয়েছিল, যেটি পরে জাতীয় পার্টিতে রূপ নেয়। সেনাবাহিনীতে কর্মরত অবস্থাতেই তিনি মন্ত্রিসভার সদস্য হন এবং পরে জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৬ এর নির্বাচনে তিনি ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৮২ সালে সামরিক শাসক হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আসা এরশাদের মন্ত্রিসভায় কর্মরত সামরিক কর্মকর্তাদের মধ্যে অনেকেই ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করা সেনা কর্মকর্তা।

গোপালগঞ্জে জন্ম নেওয়া মহব্বত জান চৌধুরী মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেসের পরিচালকও ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status