|
চাকরির প্রলোভনে ডেকে নিয়ে প্রবাসী বন্ধুকে হত্যা
টঙ্গীর ইজতেমা ময়দানের পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার মিঠু
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীর ইজতেমা ময়দানের পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার মিঠু সোমবার (২৪ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ বিশ্ব ইজতেমা ময়দানের ২১ নম্বর টয়লেটের পাশে থাকা পরিত্যক্ত ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত আকাশ সরদার ফরিদপুরের কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে। গ্রেপ্তার মিঠু নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। আকাশ ও মিঠু দুজনই কম্বোডিয়া প্রবাসী ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার অপু মিয়ার মাধ্যমে মিঠু ও আকাশ কম্বোডিয়ায় যান। প্রায় তিন মাস আগে তারা দেশে ফেরেন। দেশে ফিরে আকাশ বেকার হয়ে পড়লে তাকে চাকরি দেওয়ার কথা বলে গত ২৭ জুলাই সোনারগাঁওয়ে ডেকে নেন মিঠু। পরে তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের হোয়াটসঅ্যাপে কল করে সুমন নামে এক ব্যক্তি আকাশকে আটকে রাখার কথা জানান। এরপর থেকেই আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে আকাশের বাবা মো. করিম সরদার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মাজহারুল ইসলাম মিঠু, মো. অপু মিয়া ও মো. সুমন মিয়াকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়। পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) উত্তরা র্যাব-১-এর একটি দল টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই মেহেদি হাসানের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ বিশ্ব ইজতেমা ময়দানের পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের মরদেহ উদ্ধার করে। টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
