|
দশ বছর পর রায়: শিশুধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড
মোঃ মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
|
![]() দশ বছর পর রায়: শিশুধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মজিবর মৃধার বয়স বর্তমানে ৬১ বছর। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে শিশুটিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি তার আট বছরের মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। ওই সময় শিশুটি একা থাকার সুযোগ নেয় মজিবর মৃধা। অভিযোগ অনুযায়ী, প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান তিনি। সেখানে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং শুরু হয় বিচারিক কার্যক্রম। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি কার্যক্রম শেষে ঘটনার প্রায় ১০ বছর পর মামলাটির রায় হলো। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
