|
শ্রীপুরে বসতঘরে ৮৮ কেজি গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, পালালেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে বসতঘরে ৮৮ কেজি গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, পালালেন স্বামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে জেলা পুলিশের এক প্রেস ব্রীফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরমী মধ্যপাড়ায় কাজল নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘরে অভিযান চালায় শ্রীপুর থানার একটি দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কবির কৌশলে পালিয়ে যায়। এ সময় পালানোর চেষ্টা করলে তাঁর স্ত্রী তাহমিনাকে আটক করা হয়। পরে ওই ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। প্রতি কেজি ১৭ হাজার ৫০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। পুলিশের ভাষ্য, কবির হোসেন বিভিন্ন এলাকা থেকে বড় চালানে মাদক সংগ্রহ করে স্থানীয় খুচরা বিক্রেতাদের মাধ্যমে তা বিক্রি করতেন। তাঁর সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় শ্রীপুর থানার এসআই আব্দুল কুদ্দুস মৃধার করা এজাহারের ভিত্তিতে কবির হোসেন ও তাঁর স্ত্রী তাহমিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলাটি শ্রীপুর থানার মামলা নম্বর ৫১, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। পুলিশের দেওয়া সিডিএমএস তথ্য অনুযায়ী, কবির হোসেনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া ঢাকার রমনা মডেল থানা ও ময়মনসিংহের ভালুকা মডেল থানাতেও তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মাদক আইনে ১০টি এবং দণ্ডবিধির ধারায় আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আব্দুল জলিল বলেন, গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক কবির হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
