ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
অপ্রতিমের সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া কিশোর কে?
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2026, 8:08 PM

অপ্রতিমের সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া কিশোর কে?

অপ্রতিমের সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া কিশোর কে?

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর তদন্তে সামনে এসেছে সিসিটিভি ফুটেজে তার সঙ্গে দেখা যাওয়া এক কিশোরের নাম। অপ্রতিমের সঙ্গে শেষবার দেখা যাওয়া ওই কিশোরের নাম তুহিন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আনাস নামের আরও একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন কুমিল্লার সানন্দা এলাকার বাসিন্দা। সে ওই এলাকার নুরুল আলমের ছেলে। তুহিনও স্থানীয় কোটবাড়ি বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের পরে পাঞ্জাবি-পাজামা পরা অপ্রতিম একটি দোকানের সামনে এসে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে সে ফোনে কিছু দেখছিল। কিছুক্ষণ পর সাদা শার্ট ও মাথায় ক্যাপ পরা তুহিন সেখানে আসে। এ সময় তাকে অপ্রতিমের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়। এরপর দুজন কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। পরের ফুটেজে শালবনের পাশ দিয়ে দুজনকে হেঁটে যেতে দেখা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের সময় দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের গেটে অপ্রতিমকে দেখা যায়। তার সঙ্গে ক্যাপ পরা আরেকজনকেও দেখা যায়। ওই কিশোর অপ্রতিমের চেয়ে বয়সে বড় এবং তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত করে।

অপ্রতিমের সঙ্গে শেষবার দেখা যাওয়া তুহিনকে আটকের কথা জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং তারা কিছু ‘ক্লু’ পেয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হেফাজতে থাকা ব্যক্তির পরিচয় তখন জানাননি তিনি। পুলিশ সুপার বলেন, ‘সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ঘটনা ডিটেক্ট করে ফেলি এবং মূল আসামি ধরে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘আমার একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে আছে একজন ব্যক্তি, আমাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

হেফাজতে থাকা ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত কি না, সে বিষয়ে পুলিশ এখনই নিশ্চিত নয় জানিয়ে মো. আনিসুজ্জামান বলেন, ‘এটা এখনও জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে। আমাদের একটু সময় দেওয়া লাগবে। কারণ তার মোবাইল, তার প্রযুক্তি, তার লোকেশন; এই যে ছেলেটি অপ্রতিম মারা গেলো, এর লোকেশন; আমরা এখানে অনেক কিছু মিলাই। যাকে ধরেছি, সে নির্দোষ হতে পারে, আবার দোষীও হতে পারে।’

পুলিশ সুপার বলেন, অপ্রতিমকে কেন হত্যা করা হলো, এর পেছনে কী উদ্দেশ্য ছিল এবং ঘটনাটি শুধু আইফোনের জন্য, নাকি এর সঙ্গে অন্য কিছু জড়িত; তা খতিয়ে দেখা হচ্ছে।

অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। তার একমাত্র ছেলে অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাতভর অপ্রতিমকে খুঁজতে থাকেন পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, অপ্রতিমের সঙ্গে থাকা মায়ের আইফোনটিও পাওয়া যায়নি। তাই আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিনসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status