কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের পদক জয়ের স্বপ্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 September, 2026, 10:15 AM সর্বশেষ আপডেট: Monday, 21 September, 2026, 10:17 AM
কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের পদক জয়ের স্বপ্ন
এশিয়ান গেমসে আজ বাংলাদেশের সকালটা দারুণ কেটেছে। পুরুষ কাবাডিতে তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। আজ বিকেলে চাইনিজ তাইপেকে হারালে লাল-সবুজেরা এশিয়াডে পদক পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে থাকবে।
দক্ষিণ কোরিয়া কাবাডিতে ভালো দল। ২০১৮ এশিয়াডে রৌপ্য রয়েছে। সেই দলের বিপক্ষে বাংলাদেশ আজ হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। প্রথমার্ধে বাংলাদেশের ১৭ পয়েন্টের বিপরীত কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ আর কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জেতে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ আব্দুল জলিল বলেন, ‘আমরা কোরিয়ার দুই খেলোয়াড়কে মার্ক করেছিলাম। খেলোয়াড়েরা নির্দেশনা অনুসরণ করেছে। এজন্য ম্যাচটি আমাদের পক্ষে এসেছে। যদিও অনেক লড়াই হয়েছে।’
আজ বিকেলেই চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ। কোচ বললেন, ‘তাইপেকে হারাতে পারলে আমরা পদকের খুব কাছাকাছি থাকব। মূলত তাইপের ম্যাচের ওপরই অনেকাংশে পদক নির্ভর করছে। এক দিনে দুই ম্যাচ কোনো অজুহাত দেব না। কোরিয়াকে হারিয়ে খেলোয়াড়েরা চাঙা রয়েছে কোনো ইনজুরি নেই।’
পুরুষ কাবাডিতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে, স্বাগতিক জাপানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। কাবাডিতে চার সেমিফাইনালিস্ট। ভারত এই গ্রুপের টপ ফেভারিট। চাইনিজ তাইপেকে হারালে বাংলাদেশের রানার্সআপ হয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে।