চরভদ্রাসনে নতুন সময়ের খবরে মিলল সুফল, উপজেলা পরিষদ গেটে নতুন লাইট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 10:57 AM
চরভদ্রাসনে নতুন সময়ের খবরে মিলল সুফল, উপজেলা পরিষদ গেটে নতুন লাইট
জাতীয় দৈনিক নতুন সময়-এ সংবাদ প্রকাশের পরপরই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেটে নতুন সড়কবাতি (গেট লাইট) স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা লাইটের কারণে সন্ধ্যার পর অন্ধকারে থাকা উপজেলা পরিষদের প্রধান প্রবেশপথে এখন আলো ফিরেছে।
এর আগে জাতীয় দৈনিক নতুন সময়ে “চরভদ্রাসন উপজেলা পরিষদের মূল গেটে দীর্ঘদিন অন্ধকার, নষ্ট লাইটে ভোগান্তি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উপজেলা পরিষদের মূল গেটে দীর্ঘদিন সড়কবাতি নষ্ট থাকায় সন্ধ্যার পর অন্ধকারে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দা, সেবাপ্রার্থী ও পথচারীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে উপজেলা পরিষদের মূল গেটে নতুন সড়কবাতি স্থাপন করা হয়। নতুন লাইট স্থাপনের ফলে সন্ধ্যার পর প্রধান প্রবেশপথটি আলোকিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয় জনগণ চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের প্রশংসা করেছেন। পাশাপাশি জনদুর্ভোগের বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করায় জাতীয় দৈনিক নতুন সময়ের প্রতিবেদকেরও প্রশংসা করেছেন তারা।
স্থানীয়রা বলেন, উপজেলা পরিষদের মূল গেটে দীর্ঘদিন আলো না থাকায় সন্ধ্যার পর চলাচলে অসুবিধা হতো। সংবাদ প্রকাশের পর দ্রুত নতুন লাইট স্থাপন হওয়ায় তাদের ভোগান্তি কমেছে।
তারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের অন্যান্য সমস্যার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।