|
ছাত্রদল নেতাকে হত্যার আগের অডিও ফাঁস, মিলল নানা তথ্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() ছাত্রদল নেতাকে হত্যার আগের অডিও ফাঁস, মিলল নানা তথ্য নিহত ছাত্রদল নেতার নাম ইসফাতুল ইসলাম জিসান (২৮)। তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং লোটনি গ্রামের নাজেম উদ্দিন নাজুর ছেলে। হত্যাকাণ্ডের পর সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে। এর পর পরই অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা পরিচয় দেওয়া মিজানের পরিবারের চার নারী সদস্যসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া সদর থেকে নিজ বাড়ি লোটনি গ্রামে ফিরছিলেন জিসান। পথে কাকারা সাবের সদর বাজারের (মাঝের স্টেশন) একটি দোকানের সামনে থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। অপহণের চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে জিসানের বড় ভাই কায়সার এবং নিজেকে আওয়ামী লীগ নেতা দাবি করা মিজানের মধ্যকার কথোপকথন উঠে আসে। সেখানে মিজানকে বলতে শোনা যায়, ‘জিসানকে ধরার জন্য ৫০ জন মানুষ লাগিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি সম্পৃক্ত। তাকে আমি ১৪ টুকরো করতে পারি। আমার সবকিছু আছে- টাকা ও শক্তি সবকিছু আছে।’ স্বজনদের অভিযোগ, অপহণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে যাওয়া হয়। সেখানে অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। পরে ঘাতকরা মরদেহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
