|
দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে শেষ হলো 'নদী ও পাখি' আলোকচিত্র প্রদর্শনী
নতুন সময় ডেস্ক
|
![]() দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে শেষ হলো 'নদী ও পাখি' আলোকচিত্র প্রদর্শনী শনিবার ৩ অক্টোবর শুরু হওয়া এই প্রদর্শনীতে নদী, পাখি, জলাভূমি, প্রকৃতি ও জীববৈচিত্র্যের নানা গল্প আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। চার দিনজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা গ্যালারি পরিদর্শন করেন এবং আলোকচিত্রের মাধ্যমে নদী ও প্রকৃতির সৌন্দর্য, পরিবর্তন ও সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করেন। প্রদর্শনীর শেষ দিনে বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধে গ্যালারি পরিদর্শন করেন। তিনি প্রদর্শিত আলোকচিত্রগুলো ঘুরে দেখেন এবং নদী, পাখি ও জীববৈচিত্র্যকে কেন্দ্র করে আলোকচিত্রীদের কাজ ও সংরক্ষণের বার্তা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। প্রদর্শনীতে নদী বিষয়ক আলোকচিত্র প্রদর্শন করেন আবির আবদুল্লাহ, আলোকচিত্রী ও ফটোগ্রাফি শিক্ষাবিদ; এবং পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শন করেন আনসার উদ্দিন খান পাঠান, পাখি আলোকচিত্রী। তাঁদের আলোকচিত্রে নদী ও পাখির সৌন্দর্যের পাশাপাশি প্রকৃতি, জীববৈচিত্র্য ও মানুষের সঙ্গে পরিবেশের গভীর সম্পর্কের নানা দিক উঠে আসে। সমাপনী দিনে দুই আলোকচিত্রীর অংশগ্রহণে একটি বিশেষ গ্যালারি টক অনুষ্ঠিত হয়। এতে তাঁরা নদী ও পাখির আলোকচিত্র ধারণের অভিজ্ঞতা, প্রকৃতির পরিবর্তন, পরিবেশগত সংকট নথিবদ্ধ করতে ফটোগ্রাফির ভূমিকা এবং আলোকচিত্রের মাধ্যমে সংরক্ষণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। দর্শনার্থীরাও তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ছবিগুলোর পেছনের গল্প জানতে পারেন। চার দিনের এই আয়োজন শুধু আলোকচিত্র উপভোগের সুযোগই তৈরি করেনি, বরং নদী, পাখি ও প্রাণ-প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক এবং তা রক্ষার প্রয়োজনীয়তা নিয়েও দর্শনার্থীদের ভাবার সুযোগ করে দিয়েছে। আয়োজনটি সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সকল দর্শনার্থী, অতিথি, আলোকচিত্রী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধরা'র পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
