গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলাকায় ছিনতাইয়ে জড়িত চিহ্নিত অপরাধীদের আটকের জন্য টঙ্গী পশ্চিম থানার একটি দল অভিযান চালায়। অভিযানের সময় শাওন ও সাগরকে আটকের চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাদের ধরতে এগিয়ে গেলে একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করে।
ছুরিকাঘাতে তার পায়ে প্রায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। ঝুঁকি নিয়েও তিনি অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।