ছোট ছোট কণ্ঠে কোরআনের আয়াতের উচ্চারণ। কারও কণ্ঠে গজল, কেউ পড়ছে হাদিস, আবার কেউ তুলে ধরছে জানাজার নামাজের নিয়ম। শিশুদের এমন আয়োজন ঘিরে বুধবার প্রাণবন্ত হয়ে ওঠে খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসন পুর আল হেরা ইসলামিক একাডেমি।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কবাখালী ইউনিয়নের হাচিনসন পুর এলাকায় একাডেমি প্রাঙ্গণে ২৬ শিক্ষার্থীর পবিত্র কোরআনের সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করেন বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা মো. ইলিয়াস হোসেন।
মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইদ্রিস। এতে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গজল, হাদিস ও কেরাত পরিবেশন করে। তাদের পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়। শুধু ধর্মীয় পরিবেশনাই নয়, শিশুদের অংশগ্রহণে জানাজার নামাজের বিভিন্ন নিয়ম ও কার্যক্রম নিয়ে একটি সচেতনতামূলক প্রদর্শনীরও আয়োজন করা হয়। শিশুদের উপস্থাপনায় ব্যতিক্রমী এ প্রদর্শনী উপস্থিত সবার নজর কাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ, দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল, সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল।
২০২২ সালে প্রতিষ্ঠিত আল হেরা ইসলামিক একাডেমিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ১৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে বলে জানান সংশ্লিষ্টরা।
তবে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসে তাদের যাতায়াতের দুর্ভোগের কথাও। স্থানীয়দের ভাষ্য, একাডেমিতে যাওয়ার কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে কাদা তৈরি হয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের একাডেমিতে আসা-যাওয়ায় ভোগান্তি পোহাতে হয়।
দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা বলেন, “মাদ্রাসা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা যাতায়াতের সমস্যার বিষয়টি আমাদের জানিয়েছেন। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আছেন আমাদের নেতা ওয়াদুদ ভূঁইয়া। তিনি দীঘিনালার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইতোমধ্যে কাজ শুরু করেছেন। আশা করি, খুব শিগগিরই এ এলাকার যাতায়াত সমস্যার সমাধান হবে।”
হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ বলেন, “একটু বৃষ্টি হলেই শিশুরা মাদ্রাসায় আসতে গিয়ে ভিজে যায়। রাস্তার পাশে থাকা পুকুরগুলোর পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যুবসমাজকে সঙ্গে নিয়ে দ্রুত এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল বলেন, “আজ ২৬ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক গ্রহণ করছে। আল্লাহ যেন তাদের কবুল করেন। বাড়ির পাশে এমন একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থাকা এলাকার মানুষের জন্য গর্বের বিষয়। সবার সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের ধর্মীয় শিক্ষা ও সচেতনতামূলক পরিবেশনার প্রশংসা করেন অতিথি ও অভিভাবকেরা। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের দুর্ভোগ দূর করতে মাদ্রাসার সড়কটির উন্নয়নের দাবি জানান স্থানীয়রা।