|
দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
নতুন সময় প্রতিবেদক
|
![]() দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার উপযোগী দক্ষ ও যোগ্য কর্মী তৈরি করা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশে প্রতিবছর বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট বের হচ্ছেন। এরপরও দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী নিয়োগ করতে হচ্ছে। স্বাধীনতার এত বছর পরও কেন এ পরিস্থিতি তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সাক্ষাৎকালে ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টিতে গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট অধিকার নিশ্চিত ও বাণিজ্যিকীকরণে সহায়তার জন্য নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে গবেষণা, উৎপাদন ও মাল্টিমিডিয়া, পুষ্টি ও খাদ্য, মৎস্য, তথ্য ও যোগাযোগসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের ফলে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়ে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। প্রতিনিধিদলের বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও সমুন্নত রাখার আহ্বান জানান। সাক্ষাৎকালে ড. মো. সবুর খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। প্রতিনিধিদলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কবির, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. ইমরান হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, সচিব এ জে এম সাল্হাউদ্দিন নাগরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
