|
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
নতুন সময় ডেস্ক
|
![]() মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই সিএনএন পর্তুগাল-কে এক সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। দ্য অ্যাথলেটিক ওয়েবসাইট তার কিছু অংশ প্রকাশ করেছে। সেখানে মেসির সঙ্গে এমন এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা প্রকাশ করেছেন রোনালদো, যা অনেক ভক্তের ধারণার বাইরে। গত দেড় দশকে বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর এই দুজনের মধ্যেই হাতবদল হয়েছে। ঘন ঘন তাদের এই পুরস্কারের মঞ্চে যেতে হয়েছে। সেখানেই অন্যরকম এক সম্পর্ক তৈরি হয়েছে তাদের মাঝে। রোনালদো স্মৃতিচারণ করলেন, ইংরেজিতে মেসির দুর্বলতা থাকার কারণে তিনি ব্যালন ডি’অরের মঞ্চে মাঝেমধ্যে তার অনুবাদকের ভূমিকা পালন করতেন। ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা বললেন, “আমরা পুরস্কারের মঞ্চ ভাগাভাগি করেছি ১৫ বছর। আর আমাদের সম্পর্কটা সবসময় খুব ভালো ছিল। আমার মনে আছে, দুই-একবার আমি তার জন্য ইংরেজিতে বলা কথাগুলো অনুবাদ করে দিয়েছিলাম, যেমন, ‘মেসি, তুমি এখানেই থাকবে’।” ৪১ বছর বয়সী ফরোয়ার্ড জানালেন, এই ধরনের হাইপ্রোফাইল ইভেন্টে মিডিয়া সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণে তিনি প্রায় সময় মেসিকে নির্দেশনা দিতেন। রোনালদো মেসির সঙ্গে সেই কথোপকথনের কিছু কথা তুলে ধরলেন, “এরপর সে (উপস্থাপিকা) তোমাকে একটা প্রশ্ন করবে। আর আমি সেটা অনুবাদ করব। উপস্থাপিকা তোমাকে বলবে: ‘আমরা এটা করতে যাচ্ছি’, আর মেসিকে বলতে বলতাম: ‘হ্যাঁ, খুব ভালো’। আর ব্যাপারটা মজার ছিল।” রোনালদো জোর দিয়ে বলেন, নিজ নিজ ক্লাব ও দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাদেল মধ্যে সবসময় পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, ‘সে সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করত। সে তার ক্লাবকে সাফল্য এনে দেওয়ার জন্য খেলত, আমি আমার ক্লাবের জন্য। সে তার দেশের হয়ে লড়ত, আমি আমার দেশের জন্য।’ বড় বড় পুরস্কারের দৌড়ে মেসি রোনালদোর চেয়ে বেশ এগিয়ে। আট ব্যালন ডি’অর, একটি বিশ্বকাপ ট্রফি, ১৩টি লিগ শিরোপা। অন্যদিকে রোনালদো ৮টি লিগ শিরোপা ও মেসির ছয় গোল্ডেন বুটের বিপরীতে চারটি পেলেও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে এগিয়ে। মেসির চারটির বিপরীতে পাঁচবার ইউরোপ চ্যাম্পিয়ন তিনি। এই পরিসংখ্যান সত্ত্বেও রোনালদো তাদের প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন দৃষ্টিতে দেখেন। দুজনের ক্যারিয়ারের সেরা সময় নিয়ে স্মৃতিচারণা করলেন রোনালদো, ‘আমার মনে হয় একটা সময় ছিল যখন সে তার সবটুকু উজার করে দিয়ে গোল করতে চাইত এবং আমিও তাই করতাম। এটা ছিল সুস্থ প্রতিযোগিতা, অনেকটা আইরটন সেনা ও প্রোস্টের মতো। আমি মনে করি আমরা একে অন্যকে অনুপ্রাণিত করতাম।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
