|
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক রোববার (৪ অক্টোবর) ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার নিশ্চিত করা এবং শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে এ ঘোষণা দেওয়া হয়। বয়কটের অংশ হিসেবে সংগঠনটির কোনো কার্যক্রম সংবাদমাধ্যমে প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পৃথক বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও বুধবার (১৪ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘোষণা দেন। বিবৃতিতে তিন সংগঠনের নেতারা অভিযোগ করেন, গত ৪ অক্টোবর শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের নেতাকর্মীরা চার সাংবাদিকের ওপর হামলা চালান। নেতাদের অভিযোগ, হামলার স্পষ্ট ভিডিও প্রমাণ থাকার পরও ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, অভিযুক্তদের রক্ষার উদ্দেশ্যেই তিনি এমন বক্তব্য দিয়েছেন। বিবৃতিতে রাবি প্রেসক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়, সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কট করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। পৃথক বিবৃতিতে রাবিসাস পক্ষ থেকে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) সিদ্ধান্ত নিয়েছে, সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের বিচার এবং সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত রাবি শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জন করা হবে। একই সঙ্গে ছাত্রদলের কোনো সংবাদ সংগ্রহ ও প্রকাশ করা হবে না। পৃথক বিবৃতিতে রাবি রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) সিদ্ধান্ত নিয়েছে, সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের বিচার এবং সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত রাবি শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জন করা হবে। একই সঙ্গে ছাত্রদলের কোনো সংবাদ সংগ্রহ ও প্রকাশ করা হবে না। একইসঙ্গে বিবৃতিতে তিন সংগঠনের নেতারা আগামী সিন্ডিকেট সভায় অধিকতর তদন্ত কমিটি গঠন করে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আহসান হাবিবের সনদ বাতিল, হাসিবুল ইসলাম হাসিবের স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব না থাকায় বিশাল চক্রবর্তীর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা এবং অন্য সব দোষীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে রাবি ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ৪ সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযুক্তদের মধ্যে ৪ জনকে সাময়িক ছাত্রত্ব বাতিল, ৪ জনকে অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ ও ৩ জনকে সর্তক করার সুপারিশ করা হয়েছে। চুড়ান্ত সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ৫৫০ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৫ অক্টোবর রাতে কেন্দ্রীয় ছাত্রদল অভিযুক্ত ৩ জনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার ও ৬ জনকে কারণ দর্শানো নোটিশ দেয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
