|
বিশ্বব্যাংকের তহবিলে প্রথমবারের মতো দাতা মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার
সায়ীদ আবদুল মালিক, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে
|
![]() বিশ্বব্যাংকের তহবিলে প্রথমবারের মতো দাতা মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৯১ সালে সংস্থাটির সদস্য হওয়ার পর থেকে মঙ্গোলিয়া ১৬২ কোটি ডলারের বেশি উন্নয়ন অর্থায়ন পেয়েছে। পরিবহন, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে দেশটি আইডিএর সহায়তা নিয়েছে। ২০২০ সালের জুলাইয়ে আইডিএর সহায়তা পাওয়ার যোগ্যতা থেকে উত্তরণ ঘটিয়ে মঙ্গোলিয়া বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের (আইবিআরডি) আওতাভুক্ত গ্রাহক দেশে পরিণত হয়। গত তিন দশকে দারিদ্র্য কমানোর পাশাপাশি মঙ্গোলিয়ার মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) তিন গুণে উন্নীত হয়েছে। ২০২৪ সালে দেশটি উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করে। এবার আইডিএর ২১তম পুনঃঅর্থায়ন কর্মসূচিতে (আইডিএ২১) অর্থ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় নতুন ভূমিকা নিতে যাচ্ছে দেশটি। মঙ্গোলিয়ার অর্থমন্ত্রী মেন্দসাইখান জাগদজাভ বলেন, আইডিএ২১-এ অবদান রাখা বিশ্বব্যাংকের সঙ্গে দেশটির দীর্ঘদিনের অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সংহতির প্রতি মঙ্গোলিয়ার অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, আইডিএর সহায়তা পাওয়ার অভিজ্ঞতা থেকে মঙ্গোলিয়া উপলব্ধি করেছে, দারিদ্র্য কমানো, অর্থনৈতিক অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে সহজ শর্তের অর্থায়ন কতটা গুরুত্বপূর্ণ। নিজেদের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের পাশাপাশি অন্য দেশগুলোকেও উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে সহায়তা করতে পেরে মঙ্গোলিয়া গর্বিত। বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারত্ব, উদ্ভাবন ও অর্থায়ন সংগ্রহবিষয়ক ভাইস প্রেসিডেন্ট লিসা ফিনেরান বলেন, মঙ্গোলিয়ার উন্নয়ন অগ্রযাত্রা দেখিয়েছে, ধারাবাহিক প্রচেষ্টা কীভাবে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। আইডিএর দাতা গোষ্ঠীতে মঙ্গোলিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অন্য দেশগুলোর আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে দেশটির এই অঙ্গীকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বব্যাংক গ্রুপের আইডিএ হলো বিশ্বের ৭৮টি স্বল্প আয়ের দেশের উন্নয়নে অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস। এ তহবিল থেকে দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক ও সামাজিক অভিঘাত মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নে অনুদান ও সহজ শর্তে ঋণ দেওয়া হয়। প্রতি তিন বছর পর আইডিএর অর্থায়ন পুনর্গঠন করা হয়। আইডিএর ২১তম পুনঃঅর্থায়ন কর্মসূচি ২০২৪ সালের ডিসেম্বরে চূড়ান্ত হয়। বর্তমানে ৭৮টি দেশে উন্নয়ন কার্যক্রমে অর্থায়ন করছে তহবিলটি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
