ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩
সাংবাদিক হত্যা ও মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে শ্রীপুরে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 October, 2026, 3:37 PM

সাংবাদিক হত্যা ও মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

সাংবাদিক হত্যা ও মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকেরা।

সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর থানা রোডে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন। কর্মসূচি শেষে তাঁরা শ্রীপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা না মিললে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা যেন হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখে না পড়েন, তা নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে আইনের যথাযথ প্রয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক আমাদের সময়-এর শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফ। সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল।

এ সময় বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোহাম্মদ মোজাহিদ, আশরাফুল ইসলাম সরকার, মুনসুরুল ইসলাম ও হাসান হাবিবসহ অন্য সাংবাদিকেরা।

নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, এস এম জহিরুল ইসলাম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা এবং দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ করায় প্রতিপক্ষের এক নারী তাঁকে প্রধান আসামি করে মামলা করেছেন। মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি দাবি করেছেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status