|
ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির, অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির, অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে কৃপেশ চন্দ্র রায় নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তির ভাষ্য, তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে ফেইসবুকে অবনানকর পোস্ট দেওয়া হয়েছে। তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহমেদ জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও থেকে কৃপেশকে হেফাজতে নেয় পুলিশ। কৃপেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। কিন্তু বছর খানেক ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তাকে বরখাস্ত করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল থেকে ‘kripash ray’ নামের একটি ফেইসবুক আইডি থেকে ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা হয়। এরপর মধ্যরাতে তাহিরপুর থানায় গিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন কৃপেশ রায়। সেখানে তিনি অভিযোগ করেন, তার নামে ফেইসবুকে আইডি খুলে, তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ওই ‘সাম্প্রদায়িক ও উসকানিমূলক’ প্রচার চালানো হচ্ছে। এদিকে কৃপেশ রায়কে গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ-মিছিল শুরু করেন একদল লোক। সেই খবর পেয়ে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রাজারগাঁও ছুটে যান। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি কেউ যাতে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পরে পুলিশও ওই গ্রামে যায় এবং বিক্ষোভকারীদের দাবির মুখে কৃপেশকে হেফাজতে নেয়। পুলিশ সদস্যরা কৃপেশকে তাহিরপুর থানায় নিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানান। জানতে চাইলে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, “আমরা উত্তেজিত মুসলিম জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেজন্য কঠোর আহ্বান জানিয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত উপস্থিত হয়ে বিষয়টি সামাল দিয়েছে। এখন আইনিভাবেই বিষয়টি দেখবেন সংশ্লিষ্টরা। তবে কেউ যাতে বাড়াবাড়ি না করতে পারে সেদিকে আমাদের সবার নজর রাখা উচিত। কৃপেশ রায়ের প্রতিবেশী কাঞ্চন রায় বলেন, কৃপেশের মূল ফেইসবুক আইডিতে আমি আছি। যে আইডি দিয়ে সাম্প্রদায়িক ও উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে সেটা থেকে আমাকেসহ অনেককে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল। গতকাল (রোববার) ওই আইডি থেকেই আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পরে রাতে কৃপেশ থানায় জিডি করেন। কৃপেশের চাচাতো ভাই কিরণ রায় বলেন, কৃপেশ সিলেট লামাবাজার পুলিশ ফাঁড়িতে কনেস্টেবল হিসেবে কাজ করতেন। বছরখানেক ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তবে ফেইসবুক পোস্টের বিষয়ে জানেন না বলে দাবি করেন তিনি। কৃপেশের পুলিশের চাকরির ব্যাপারে জানতে চাইলে তার তার পিসে (ফুফা) স্থানীয় শিক্ষক বিকাশ রায় বলেন, আগে সে পুলিশে চাকরি করত। বছরখানেক ধরে বাড়িতেই আছে। এখন চাকরির কী অবস্থা সেটা তো জানি না। তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, কৃপেশ পুলিশের গরহাজির সদস্য। তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। তার জিডির বিষয়টিও তদন্ত করা হবে। উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
