বিএনপির কেন্দ্রীয় অফিসই গুজবের বড় কারখানা, এখানে সকল ধরনের গুজবের ডাল-পালা ছড়ায় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গুজবে কান না দিয়ে কান ঠিক জায়গায় আছে কিনা, তা যাচাই করুন। বিএনপির বন্ধুদের প্রতি আমার এটাই অনুরোধ রইল, অযথা দেশে গুজব ছড়াবেন না।
আজ শনিবার (২৭ জুলাই) সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেব লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও অপপ্রচার চালাচ্ছে বিএনপি। অপপ্রচারের কারণে দেশবাসী এখন বিএনপির সত্য কথাও বিশ্বাস করে না। আতঙ্ক ছড়ানো, গুজব ছড়ানো এবং বিদেশে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা একই কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
সারাদেশে হঠাৎ করে ছেলেধরা গুজব ছড়িয়ে মানুষ হত্যা এবং সম্প্রতি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, ঠিক মত চলাফেরা করতে পাচ্ছেন না এবং মানুষ চিনতেও অসুবিধা হচ্ছে। বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে যারা পদ্মা সেতু তৈরি করতে দিতে চাননি, তারাই পদ্মা সেতু নির্মাণে নানা রকম গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এরাই দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাঁধা। এদেরকে ধরে আইনের হাতে তুলে দিতে হবে বলে নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি দলটি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে এখন মানুষের আবেগ নিয়ে খেলা করার পায়তারা করছে। এটা বিএনপির পুরনো অভ্যাস। বিএনপি চেয়ারপারসন ভালো আছে, অযথা গুজব ছড়াচ্ছে বিএনপি। অবশ্য তাদের আর কোন কিছু করার সামর্থ্য নেই। সেজন্য এখন দলীয় কার্যালয়কে গজবের কারখানা হিসেবে গড়ে তুলেছে। এখান থেকেই সকল গুজব দেশে ছড়ানো হচ্ছে। আমি নেতাকর্মীদেরকে বলতে চাই, আপনারা সজাগ থাকুন, এইসব গুজব কারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এরা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নানা রকম গুজব ছড়াতে চেষ্টা চালাচ্ছে। উন্নয়নে বিএনপি এখন একমাত্র বাঁধা বাংলাদেশের জন্য।