নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 10:04 AM
নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। এবারের হালনাগাদে ভোটার তালিকায় যুক্ত হবেন প্রায় ১ কোটি নাগরিক। তবে আইন আনুসারে নির্ধারিত সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ প্রতিবেদককে বলেন, আগামী ২ জানুয়ারি ভোটারদের খসড়া তালিকা মনে হচ্ছে প্রকাশ করা যাবে না। শুনেছি আইটির কোনো সমস্যা হয়েছে। এসব বিষয়ে এনআইডি মহাপরিচালক বিস্তারিত বলতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবার ২ জানুয়ারি ও ৩১ জানুয়ারি খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা মনে হচ্ছে সম্ভব হবে না। আমাদের পরিকল্পনা আছে ২০ জানুয়ারি খসড়া প্রকাশ করে ১ মার্চ চূড়ান্ত তালিকে প্রকাশ করা। এ জন্য বর্তমান ভোটার তালিকা আইনের সংশোধন আনতে ইতোমধ্যে আইন মন্ত্রণারয়ে পাঠানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, বর্তমান আইন অনুযায়ী ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করার বিধান রয়েছে।
এদিকে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ’ বিষয়ক কমিটি একটি প্রস্তাব করেছে। প্রস্তাবে ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ, ১৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি দাবি-আপত্তি, ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি দাবি-আপত্তি নিষ্পত্তি, ৮ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি সিডি প্রস্তুত এবং ১ মার্চ ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সূচি সুপারিশ করা হয়েছে। গত ১০ অক্টোবরের বৈঠকে ভোটার তালিকা নিয়ে আরও কিছু প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ভোটার তালিকা আইনে খসড়া প্রকাশের যে তারিখ উল্লেখ রয়েছে, তা তুলে দিয়ে নির্বাচন কমিশন নির্ধারিত তারিখে ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা বাংলাদেশ নির্বাচন কমিশনের হাতে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন সহায়তা-২ শাখাকে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত। এ ছাড়া এ বছর চলমান হালনাগাদের খসড়া ২০২০ সালের ১৫ জানুয়ারি এবং ১ মার্চ জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যেতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, বিদ্যমান আইন অনুসারে নির্ধারিত সময়ে ভোটার তালিকার খসড়া প্রকাশ সম্ভব হবে না। নতুন আইন প্রণয়নের সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি ভেটিং শেষে মন্ত্রিসভা হয়ে সংসদে যাবে। এই আইন পাস হওয়া সময়সপেক্ষ ব্যাপার। এ ছাড়া সম্প্রতি এনআইডি সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় গত সপ্তাহে তিন দিন সার্ভার বন্ধ ছিল। সুতরাং এবার ভোটার তালিকা কবে প্রকাশ হবে, সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না।
২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। প্রথমবার ৮ কোটি ১০ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত হয়। প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদে মৃত ভোটার বাদ ও নতুনদের যুক্ত করা হয়। দেশে বর্তমানে ভোটার ১০ কোটি ৪২ লাখ। এ বছর সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয় গত ২৩ এপ্রিল। ইসি সূত্র জানায়, গতকাল বুধবার পর্যন্ত ৯০ লাখ ৬৬ হাজার ১০৫ জন নতুন নাগরিকের তথ্য নিবন্ধন করেছে।