মাত্র দুই বছরে সাতটি ছবিতে নিজের নাম লেখিয়েছেন তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী পূজা চেরি। এরই মধ্যে মুক্তি পেয়েছে পূজার চারটি ছবি। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে পূজার আরো একটি ছবি‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত এই ছবিতে অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করবেন পূজা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় ‘জ্বীন’ ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি।
তবে এই ছবিটি মুক্তির আগে বড় দুঃসংবাদ পূজাকে নিয়ে। জানা গেছে, তার শরীরে ভর করছে ভূত! এরপরেই স্বামী ও প্রতিবেশীর জীবন অতিষ্ঠ করে ছাড়বেন পূজা! যখন তখন যে কাউকেই ভয় দেখাবেন তিনি। তবে বাস্তবে নয় জ্বীন ভর করবে সিনেমায়। পূজার ছবি ‘জ্বীন’-এ তাকে দেখা যাবে এমন চরিত্রে।
ছবিটির গল্পে দেখা যাবে, নায়ক সজলকে ভালোবেসে বিয়ে করেন পূজা। এরপর হঠাৎ একদিন স্বামীর ঘরেই তার শরীরে ভর করে জ্বীন। পরে পাল্টে যায় পুরো ছবির প্রেক্ষাপট। তবে সেই গল্প গণমাধ্যমের কাছে এখন জানাতে চান না নায়িকা পূজা চেরি। কারণ শিগগির মুক্তি পাবে ছবিটি। তাই গল্পের মজা ধরে রাখতে চান নায়িকা।
‘জ্বীন’ পূজার ক্যারিয়ারের পঞ্চম ছবি। এরপর ‘শান’-এর কাজ শুরু করবেন তিনি। পরে সপ্তম ছবি ‘সাইকো’-তে ধরা দিবেন পূজা।