ভাড়া মওকুফের পর ভাড়াটিয়াদের খাবারের টাকাও দিলেন বাড়িওয়ালা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 4:46 PM
ভাড়া মওকুফের পর ভাড়াটিয়াদের খাবারের টাকাও দিলেন বাড়িওয়ালা
করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশে চলছে স্থবির অবস্থা। ফলে লোক সমাগম না থাকায় অনেক খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছেন বেকার। অনেকের ঘরেই খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে ফেনীর এক বাড়িওয়ালা ঘর ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ভাড়াটিয়াদের খবারের জন্যও দু’ হাজার টাকা করে দিচ্ছেন।
দেশের এ ক্রান্তিলগ্নে দৃষ্টান্তস্থাপনের এ ঘটনাটি ঘটেছে ফেনী শহরের। মানবতার সেবায় এগিয়ে এ বাড়িওয়ালা হলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসুল ভূঁঞা।
তিনি নিজের একটি স্থাপনায় বসবাসরত ৩৫ পরিবারের চলতি মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।
গোলাম রসুল ভূঁঞা বলেন, পশ্চিম উকিলপাড়ায় আমার ঘরগুলোর মাসিক ভাড়া চার থেকে আট হাজার টাকা। তারা প্রত্যেকেই ফেনী বড় বাজারে শ্রমিকের কাজ করে। বাজার বন্ধ তাই আয়ও বন্ধ। এমন পরিস্থিতিতে তাদের চলতি মাসের ভাড়া লাগবে না বলে জানিয়ে দিয়েছি।
তিনি বলেন, ৩৫ পরিবারের মধ্যে কিছু পরিবার দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। এমন পরিবারগুলোকে দু’ হাজার টাকা করে দিয়েছি যেন ঘরে রান্না হয়। গত সাতদিন ধরে পরিবারগুলোকে নিজ ঘরে থাকতে থাকতে বলা হয়েছে। আর যতদিন সরকারি নির্দেশনা থাকবে ততদিন যেন তারা কেউ অযথা বা কাজের খুঁজে বাইরে না যায় তা পর্যবেক্ষণ করছি।