ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
১০ কোটি টাকার মামলা ২ লাখে রফদফা করতে চেয়েছিলেন শাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 10:17 PM

১০ কোটি টাকার মামলা ২ লাখে রফদফা করতে চেয়েছিলেন শাকিব

১০ কোটি টাকার মামলা ২ লাখে রফদফা করতে চেয়েছিলেন শাকিব

অনুমতি ছাড়া গান ব্যবহার করায় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের হয়েছে। রোববার (২৮ জুন) শিল্পী দিলরুবা খান এ অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে অভিযোগ দায়ের হয়েছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবির বিরুদ্ধে। সাইবার ক্রাইম ইউনিটে ডিজিটাল আইনে এই অভিযোগ দায়ের হয়েছে। এসকে ফিল্ম প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে 'পাগল মন' নামের একটি গানের পিক দুই লাইন অনুমতি ছাড়া ব্যবহার করায় এ মামলা দায়ের করা হয়। গানটির শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন এই অভিযোগ দায়ের করেন। অবশ্য এর আগে উকিল নোটিশ পাঠিয়ে কয়েকবার শাকিব খানের সঙ্গে বৈঠক হলেও ফলাফল আসেনি। সেসময় ক্ষতিপূরণ ১০ কোটি টাকা চাইলেও শাকিব ২ লক্ষ টাকা দিয়ে রফদফা করতে চেয়েছিলেন বলে সময় সংবাদকে জানিয়েছেন ব্যারিস্টার ওলোরা আফরিন।

ব্যারিস্টার ওলোরা আফরিন সময় সংবাদকে বলেন, ‘চিত্রনায়ক শাকিব খান তার প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় নব্বই দশকের জনপ্রিয় ‘পাগল মন’ গানটির পিক লাইন অনুমতি ছাড়া ব্যবহার করেছেন। যা কপিরাইট করা ছিল। তিনি এই সিনেমায় গানটি ব্যবহার করে কপিরাইট আইন ভঙ্গ করেছেন। এজন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে তার কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে প্রথমে আইনি নোটিশ দেওয়া হয়। এরপর কয়েকবার বৈঠক করলেও কোনো ফলাফল আসেনি। একারণে আপাতত ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছি।’

তিনি আরো বলেন, আদালত বন্ধ থাকায় মামলা দায়ের করতে পারছি না। আদালতের কার্যক্রম শুরু হলেই শাকিব খানের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হবে।  বিষয়টি জানতে শাকিব খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, ২০১৯ সালের ঈদুল ফিতরে মালেক আফছারী পরিচালিত ছবিটি মুক্তি পায়। ছবিটি মুক্তির শুরু থেকে নকলের অভিযোগ উঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  অনেক দর্শক অভিযোগ করেন। এবার ছবির গান নিয়ে নতুন করে প্রশ্ন উঠলো। ‘পাসওয়ার্ড’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-বুবলি। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। দেশের ১৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। শাকিব খান প্রযোজিত দ্বিতীয় ছবি এটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status