ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
জিনজিয়াংয়ে ৪৭ লাখ মানুষের করোনা পরীক্ষা করবে চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 2:55 PM

জিনজিয়াংয়ে ৪৭ লাখ মানুষের করোনা পরীক্ষা করবে চীন

জিনজিয়াংয়ে ৪৭ লাখ মানুষের করোনা পরীক্ষা করবে চীন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে নতুন করে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় ফের গণহারে করোনা পরীক্ষা শুরু করছে দেশটির সরকার।

উইঘুর মুসলিম অধ্যুষিত এই প্রদেশের কাশগার শহরে সম্প্রতি নতুন করে ভাইরাসটির প্রকোপ দেখা দিয়েছে। ফলে শরটির প্রায় ৪৭ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে দেশটির কিংদাও শহরের ৯০ লাখ মানুষের সবার করোনা পরীক্ষা করেছে কর্তৃপক্ষ। পাঁচদিনের মধ্যেই ওই শহরের বিশাল জনসংখ্যার নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়া গত মে মাসে পুরো উহান শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করেছে চীন। সে সময় মাত্র ১০ দিনে ১ কোটি ১০ লাখ মানুষের দেহে করোনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, কাশগার শহরে নতুন করে ১৩৮ জন উপসর্গহীন রোগী শনাক্ত হয়েছে। চীনেই প্রথম করোনার প্রকোপ ছড়িয়ে পড়লেও গত কয়েক মাসের প্রচেষ্টায় দেশটি করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ছোট আকারে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

জিনজিয়াং প্রদেশে মূলত উইঘুর মুসলিম সম্প্রদায়ের বসবাস। বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠনগুলো উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনে চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কাশগারে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়া সেখানকার বাসিন্দাদের শহর ছেড়ে অন্য কোথাও যেতে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। নাহলে তারা শহর ছেড়ে বের হওয়ার অনুমতি পাবেন না।

কাশগারে প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটে শুফু কাউন্টিতে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা এক নারী করোনায় আক্রান্ত হন। যদিও তিনি ছিলেন উপসর্গহীন রোগী।

রুটিন মাফিক করোনা পরীক্ষার অংশ হিসেবে ওই নারীর নমুনা পরীক্ষা করা হলে তার করোনা ধরা পড়ে। গত ১০ দিনের মধ্যে চীনের মূল ভূখণ্ডে এটাই ছিল স্থানীয় কোনো বাসিন্দার প্রথম সংক্রমিত হওয়ার ঘটনা।

শনিবার থেকে চীনে গণহারে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। এতে ১৩৭ জন উপসর্গহীন রোগী শনাক্ত হয়েছে। তবে চীনে উপসর্গহীন কোনো রোগীকে সরকারি হিসাবে সংক্রমণের তালিকায় অন্তর্ভূক্ত করা হয় না।

চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৮১০। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন। রোববার সন্ধ্যা পর্যন্ত কাশগার শহরে ২৮ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দু'দিনের মধ্যে বাকি নমুনা পরীক্ষা সম্পন্ন হবে।

কাশগার শহরটি চীনের জিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত। জিনজিয়াং প্রদেশের বিতর্কিত বন্দিশালায় যথেষ্ট নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ১০ লাখের বেশি উইঘুর মুসলিম। সেখানে জীবাণুনাশক সাবান ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত সরবরাহ না থাকায় মহামারি আকার ধারণ করতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে বলা হয়েছে যে, জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু ১০ লাখ উইঘুর মুসলিমদের আটকে রেখেছে চীন সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গণকারাগারে বন্দিদের আটকে রেখে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আনুগত্য প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে।

বিভিন্ন এনজিও ও বিশেষজ্ঞদের মতে, ‘আসলে সেখানে কী হচ্ছে সে সম্পর্কে পৃথিবীর মানুষ খুব কমই জানতে পারছে।’ তবে বেইজিং দাবি করেছে, ক্যাম্পগুলো আসলে প্রশিক্ষণাগার। আর সন্ত্রাসবাদ মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণাগার থাকা জরুরি।

উইঘুর সম্প্রদায়ভুক্ত ফরাসি সমাজবিজ্ঞানী দিলনুর রেইহান বলেছেন, ‘উইঘুর সম্প্রদায়ের লোকরা কঠিন বিপদের সম্মুখীন। করোনাভাইরাস প্রাদুভার্বের মধ্যেই আমাদের পরিবারের সদস্যরা সেখানে বসবাস করছে। আমরা জানি না তারা পর্যাপ্ত খাদ্য-পানি পাচ্ছে কি না বা তাদের যথেষ্ট মাস্ক আছে কি না। সূত্র: বিবিসি



সম্পাদনায়: তাহের রাব্বী   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status