ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিরাট ব্যবধানে কোহলির দলের হার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 6:14 PM

বিরাট ব্যবধানে কোহলির দলের হার

বিরাট ব্যবধানে কোহলির দলের হার

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। অজিদের বিপক্ষে বেশ বড় ব্যবধানে হেরেছে বিরাট কোহলির দল। সফরকারীদের ৬৬ রানে হারিয়েছে ক্যাঙ্গারুরা।

প্রথমে ব্যাট করে অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে শুরুটা দারুন হয় ভারতের। মাত্র ৩২ বল স্থায়ী উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান।

ব্যক্তিগত ২২ রানে মৈনাক আগারওয়াল ফিরলে ব্যাট করতে নামেন কোহলি। একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান ২১ রান করে আউট হন। তার পরপর আরো দুই উইকেট হারায় ভারত। ১০১ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া।

তবে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া। দুজনের ১২৮ রানের জুটিতে এক পর্যায়ে ম্যাচ জয়ের কক্ষপথে বেশ ভালোভাবেই ছিল ভারত।

ব্যক্তিগত ৭৪ রানে ধাওয়ান আউট হলে ভারতের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। শেষ দিকে হার্দিকের ৯০ রানের ঝড়ো ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে শুধু। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান পর্যন্ত যেতে পারে কোহলির দল।

অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নেন চার উইকেট। এছাড়া জশ হ্যাজেলউড তিনটি ও মিচেল স্টার্ক একটি উইকেট শিকার করেন।

এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলপতির সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১৫৬ রান।

মোহাম্মদ শামীর বলে ৬৯ রানে ওয়ার্নার ফিরলে মাঠে নামেন স্মিথ। এরপর দুজনে মিলে একপ্রকার ঝড় বইয়ে দেন ভারতীয় বোলারদের ওপর। ১২৪ বলে ১১৪ করে বুমরাহর বলে সাজঘরে ফেরেন ফিঞ্চ। অন্যদিকে আক্রমণাত্মক স্মিথ সেঞ্চুরি পূরন করেন মাত্র ৬২ বলে। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ১০৫ রান।

এর আগে মাত্র ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৩৭৪ রানে থামে স্বাগতিকরা।

ভারতের হয়ে একাই তিন উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এছাড়া বুমরাহ, নভদীপ সাইনি ও যুবেন্দ্র চাহাল একটি করে উইকেট শিকার করেছেন।

      
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status