বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর নেইমারের প্রত্যাবর্তন। চোট কাটিয়ে দলে ফেরা এই তারকা ফরোয়ার্ড পুরো ম্যাচ খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
গত ১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে কাফে চোট পান নেইমার। এরপর মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের দুটি ম্যাচই মিস করেন তিনি। তবে হাইতির বিপক্ষে জয়ের পর থেকেই তার ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আনচেলত্তি। এবার স্কটল্যান্ড ম্যাচের আগে জানিয়ে দিলেন, নেইমার সম্পূর্ণ প্রস্তুত।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার খেলার জন্য প্রস্তুত। সে পুরো সপ্তাহজুড়ে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। আমরা সবাই তার ফেরায় খুশি। সে ৯০ মিনিট খেলতে পারবে। তার শারীরিক অবস্থা ভালো এবং অনুশীলনেও সে দারুণ করেছে।’
নেইমারের প্রত্যাবর্তনের পাশাপাশি আলোচনায় রয়েছে রাফিনিয়ার বিকল্প কে হবেন, সেই প্রশ্নও। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার এই উইঙ্গার। যদিও তার পরিবর্তে কে খেলবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ব্রাজিল কোচ।
আনচেলত্তি বলেন, আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়েই ভাবছি। রাফিনিয়ার জায়গায় কে খেলবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে। তবে এখনই সেটা প্রকাশ করতে চাই না।
ডান প্রান্তে খেলার জন্য ব্রাজিলের হাতে রায়ান, লুইজ হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো বিকল্প রয়েছে। হাইতির বিপক্ষে রাফিনিয়ার বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করা রায়ানের প্রশংসাও করেছেন আনচেলত্তি।
তিনি বলেন, রায়ান ভালো খেলেছিল এবং তার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের আরও কয়েকজন খেলোয়াড় আছে যারা এই ভূমিকায় খেলতে পারে। তবে মাঠের প্রস্থ বজায় রাখার প্রয়োজন হলে রায়ান সেটা ভালোভাবে করতে পারে।
এদিকে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে শুরুর একাদশে দেখা যেতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, এন্দ্রিক যেকোনো ম্যাচে খেলতে পারে, কারণ তার সেই সামর্থ্য আছে। সমর্থকেরা তাকে নিয়ে উচ্ছ্বসিত। তবে আগামী ম্যাচে নেইমারও থাকবে। আমার মনে হয়, সমর্থকেরা দুজনকেই সমানভাবে সমর্থন করবে।