ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
স্ত্রী তৃণমূলে যোগ দেওয়ায় ডিভোর্স দিচ্ছেন এমপি সৌমিত্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:36 AM

স্ত্রী তৃণমূলে যোগ দেওয়ায় ডিভোর্স দিচ্ছেন এমপি সৌমিত্র

স্ত্রী তৃণমূলে যোগ দেওয়ায় ডিভোর্স দিচ্ছেন এমপি সৌমিত্র

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি এমপি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা সোমবার দুপুরে যোগ দিয়েছেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসে। এসময় তিনি জানিয়েছেন তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আগামীদিনে সৌমিত্রও তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও স্ত্রী সুজাতার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত সোমবারই নিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি এমপি।

সদ্য মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। ওই মঞ্চেই উপস্থিত ছিলেন বিজেপি এমপি সৌমিত্র খাঁ। ঘটনাচক্রে তার তিন দিনের মধ্যে তৃণমূলে নাম লেখালেন সৌমিত্রর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। এদিন তৃণমূল ভবনে এসে বর্ষীয়ান এমপি সৌগত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন সুজাতা।  
সুজাতা জানান, তৃণমূল পরিবারে এসে নিঃশ্বাস নিতে পারছি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সৌমিত্রকে জেতানোর জন্য সুজাতার লড়াই দেখেছে সমগ্র পশ্চিমবঙ্গ। তরুণী এই গৃহবধূর লড়াইয়ের উপর ভিত্তি করেই স্বামী সৌমিত্র পৌঁছে যান দিল্লির সংসদে। কিন্তু স্বামীর সাফল্যে স্ত্রীর অবদানকে সৌমিত্র ভুলেই গিয়েছেন, এমন কথা উঠে এল সুজাতার বক্তব্যেই।

সুজাতার কথায়, দেড় বছর রক্ত-ঘাম ঝরিয়েছি। বাড়ি ভাঙচুর, অত্যাচার হয়েছে। কিন্তু স্বামীকে জেতানোর জন্য লক্ষ্মীন্দরের পাশে বেহুলা কিংবা সতী-পার্বতী হয়েছিলাম। বিজেপির এমপি দুই থেকে আঠারোতে পৌঁছাল। আর আমি পেলাম অসম্মান। শুভেন্দু অধিকারীর মতো যে সমস্ত নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে শামিল হচ্ছেন তাদের ‘পচা আলু’র সঙ্গে তুলনা টানলেন সুজাতা। বললেন, সুযোগসন্ধানীরা বিজেপিতে যাচ্ছে।  
 
এদিন সংবাদ সম্মেলন করে নিজের ব্যক্তি জীবনের কথা বলতে গিয়ে কেঁদেছেন সৌমিত্র খাঁও। বললেন, রাজনীতির জন্য ভালোবাসা মিথ্যা হয়ে গেল। ১০ বছরের সম্পর্ক শেষ হয়ে গেল। খাঁ পদবি থেকে মুক্তি দিলাম। সৌমিত্রর নাম থেকে সম্পূর্ণ মুক্তি দিলাম। পিছু টান রইল না। তবে এই সম্পর্কের ‘বিচ্ছেদে’ তৃণমূলকে জড়িয়েছেন বিজেপি এমপি। তার কথায়, ঘরের লক্ষ্মীকে চুরি করেছে তৃণমূল।

অপরদিকে, গত ৫ নভেম্বর থেকে সুজাতার সঙ্গে বিজেপির সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। সেদিন অমিত শাহ সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। ওই সময় ওই বৈঠক ফেসবুকে লাইভ শুরু করেন সুজাতা। যা নিয়ে সুজাতাকে সতর্ক করে দল। এছাড়াও অমিত শাহের এবারের রাজ্য সফরে দলীয় বৈঠকে সৌমিত্র খাঁকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। যে কাজ দেয়া হয়েছে, তা তিনি সঠিকভাবে পালন করেননি বলে অভিযোগ।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status