ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
পাটুরিয়ায় ফেরিডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 29 October, 2021, 11:55 AM

পাটুরিয়ায় ফেরিডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

পাটুরিয়ায় ফেরিডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় আজ শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল আটটা থেকে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল এই অভিযান শুরু করে। ডুবে যাওয়া পণ্যবাহী যানবাহনগুলোকে উদ্ধারে এখন কাজ চলছে। তবে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে কোনো তৎপরতা নেই।

পাটুরিয়া ঘাট সূত্র জানায়, গত বুধবার সকাল নয়টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে। মাঝপথে আসার পরপরই ফেরির পেছনের বাঁ দিক থেকে পানি ওঠতে থাকে। সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুনে ভেড়ার সঙ্গে সঙ্গে ফেরি থেকে তিনটি পণ্যবাহী যান দ্রুত নেমে যায়। এ সময় আরেকটি পণ্যবাহী গাড়ি ফেরি থেকে নামার সময় ফেরিটির এক পাশ কাত হয়ে যায়। এ সময় ওই গাড়িটি নদীতে পড়ে। এর পরপরই অন্যান্য যানবাহন নিয়ে পন্টুনের কাছে পদ্মা নদীতে ফেরিটি ডুবে যায়।

সরেজমিন আজ সকাল নয়টার দিকে দেখা গেছে, কাত হয়ে ডুবে যাওয়া ফেরির ভেতর থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে যানবাহন উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে। এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নিয়েছেন। বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আজকে তৃতীয় দিনে কোনো যানবাহন উদ্ধার করা যায়নি।

এ বিষয়ে উদ্ধার কার্যক্রমের সমন্বয়ক বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান বলেন, কাত হয়ে ডুবে যাওয়ায় একটি যানবাহনের ওপর আরেকেটি যানবাহন পড়ে রয়েছে। এতে ফেরির ভেতর থেকে যানবাহনগুলোকে উদ্ধারে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। দুর্ঘটনার প্রথম দিন চারটি, গতকাল পাঁচটিসহ মোট নয়টি পণ্যবাহী যানবাহন উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচটি যান উদ্ধারে অভিযান চলছে। এখনো ফেরিতে চারটি ও ফেরি থেকে ভাটিতে আরেকটি যান রয়েছে।

ফজলুর রহমান আরও বলেন, ডুবে যাওয়া ফেরিটির ওজন প্রায় ৬০০ টন। আর উদ্ধারকারী জাহাজ হামজার সক্ষমতা রয়েছে ৬০ টনের। কাজেই এই উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিটি উদ্ধার করা অসম্ভব। এ কারণে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ আজকে সন্ধ্যার মধ্যে পাটুরিয়া আসার কথা রয়েছে।

 মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status