‘যারা এলাকার সমস্যা দেখতে পারবেন না, কাউন্সিলর হবেন না’, হুশিয়ারি মমতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 6:51 PM
‘যারা এলাকার সমস্যা দেখতে পারবেন না, কাউন্সিলর হবেন না’, হুশিয়ারি মমতার
কলকাতা পুরভোটের প্রচারে নামলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। উত্তর কলকাতার ফুলবাগানে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি। সেই সভা থেকেই কলকাতা পুরভোটের তৃণমূল প্রার্থীদের সতর্ক করলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘পরিষ্কার কয়েকটা কথা বলে যাচ্ছি, যাঁরা এলাকার সমস্যা দেখতে পারবেন না, তাঁরা কাউন্সিলর হবেন না।’ একটি ঘটনার উল্লেখ করে তৃণমূল নেত্রীর মন্তব্য, ‘নিজের পাড়া ৭৩ নম্বর ওয়ার্ডে কয়েকদিন আগে বাড়িতে ফিরছিলাম। সেই সময় আমাকে একজন বলেন, দিদি পাইপটা ঠিক হয়নি। আমি কাউন্সিলরকে ফোন করে বলি কীরে এটাও কী আমি দেখব? এবার তাঁকে আর ভোটের টিকিট দিইনি।’
এদিন জনসভায় তিনি বলেন, ‘কোনও জায়গায় কিছু হলেই আগে কাউন্সিলরদের এগিয়ে যেতে হবে।’ প্রসঙ্গত, প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিদের ধমক দিয়েছিলেন মমতা। সেই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি বকার জন্য বলি না, সংশোধন করার জন্য বলি।’ তাঁর সতর্কবার্তা, ‘বাড়ির পারমিশনের জন্য অনেকেই বলেন আমাকে টাকা দিতে হবে, ভুলেও তা করবেন না।’ পরোক্ষে সিন্ডিকেট ইস্যু নিয়ে তাঁর মন্তব্য, ‘আশা করবেন না, আপনার এলাকায় আপনার থেকেই সব কিনতে হবে।’ সাধারণ মানুষের প্রতি তাঁর আবেদন, ‘সমস্তটাই অনলাইনে হয়ে গেছে। সেখানেই বাড়ি তৈরির জন্য আবেদন করুন। সাত দিনের মধ্যে অনুমতি পাবেন।’
প্রসঙ্গত, আগামী রবিবার কলকাতা পুরভোট। তার আগে প্রচারে নামলেন তৃণমূল নেত্রী। সেখান থেকে কাউন্সিলরদের সংযত হতে বললেন তিনি।