ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিজেপির বহিষ্কৃত নেতা তৃণমূলে, তবে রাজা-এ পি সিংয়ের জন্য দরজা বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 7:03 PM

বিজেপির বহিষ্কৃত নেতা তৃণমূলে, তবে রাজা-এ পি সিংয়ের জন্য দরজা বন্ধ

বিজেপির বহিষ্কৃত নেতা তৃণমূলে, তবে রাজা-এ পি সিংয়ের জন্য দরজা বন্ধ

তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া জেলা (সদর) বিজেপির প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর শরৎ সদনে হাওড়া তৃণমূল নেতৃত্বের হাত থেকে তিনি পতাকা তুলে নেবেন। তাঁর সঙ্গে জেলার আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী যোগদান করবেন বলে তৃণমূল সূত্রে জানা গেছে। তবে সুরজিতকে দলে নেওয়া হলেও বালি মণ্ডল (১) বিজেপি সভাপতি রাজা গোস্বামীকে দলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

এই বিষয়ে রাজ্যের সমবায়মন্ত্রী এবং হাওড়ার প্রাক্তন তৃণমূল সভাপতি অরূপ রায় -কে বলেন, ‘সুরজিত এবং তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিতে চাওয়া আরও বেশ কয়েকজন বিজেপি কর্মীকে দলে যোগদান করানোর সিদ্ধান্ত হলেও রাজা গোস্বামী এবং আরও এক বিজেপি নেতা এ পি সিংকে দলে নেওয়া হচ্ছে না।’ বাকি দু’জনের ক্ষেত্রে কেন এই সিদ্ধান্ত সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে অরূপ ঢাকঢাক গুড়গুড় না করেই বলেন, ‘বালির বিধায়ক এবং সেখানকার কর্মীদের আপত্তিতেই এই দু’জনকে দলে নেওয়া হচ্ছে না।’ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন বালির বিধায়ক চিকিৎসক রাণা চ্যাটার্জি।

সংঘ পরিবার থেকে বিজেপিতে যোগ দিয়ে গত ২৮ বছর ধরে সুরজিৎ গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। বুথ সভাপতি থেকে সভাপতি পদে উত্তীর্ণ হন তিনি। হাওড়া বিজেপির ডাকাবুকো নেতা বলেই পরিচিত ছিলেন। ভোটের সময় দলের হয়ে যথেষ্টই পরিশ্রম করেছিলেন। কিন্তু গোল বাঁধে ভোটের পরেই। বিজেপি সূত্রে জানা গেছে, গত নভেম্বরে বিজেপির একটি বৈঠকে শুভেন্দু অধিকারীর করা একটি অভিযোগের জন্য প্রকাশ্যে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার বর্তমান বিরোধী দলের নেতার বিরুদ্ধে মুখ খোলেন তিনি। এরপরেই বিজেপি তাঁকে দল থেকে বহিষ্কার করে। যদিও সেই সময় সুরজিতের দাবি ছিল বিজেপির প্রতি তাঁর ভালোবাসা অটুট।

কিন্তু কিছুদিন পরেই তিনি যোগাযোগ করেন অরূপ রায়ের সঙ্গে। শেষপর্যন্ত তৃণমূল সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার তাঁকে দলে যোগদান করানো হবে।

তৃণমূলে যোগদান প্রসঙ্গে বুধবার সুরজিৎ বলেন, ‘গত ২৮ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু দেখলাম মাত্র ছ'মাস আগে দলে যোগ দেওয়া এক নেতার কথায় বিজেপি আমাকে বরখাস্ত করল। খারাপ লেগেছিল। ঠিক করলাম মমতা ব্যানার্জির উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এবং মানুষের জন্য কাজ করতে তৃণমূলে যোগদান করব।’

রাজ্য বিজেপি নেতা এবং দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘সুরজিৎ আমাদের দলে ২৮ বছর থাকলেও দলের সিদ্ধান্তই চৃড়ান্ত। অত্যন্ত সিরিয়াস কর্মী হলেও শেষপর্যন্ত তাঁর এই পরিণতি দেখে খারাপই লাগল।’

অন্যদিকে রাজা গোস্বামী তৃণমূলে যোগ দিতে পারেন এই খবরটা চাউর হতেই বালিতে তৃণমূল কর্মীদের মধ্যে অসন্তোষ শুরু হয়। দলীয় সূত্রে খবর, বহু কর্মী স্থানীয় বিধায়কের কাছে গিয়ে তাঁদের আপত্তির কথা জানান। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ক্ষোভ উগরে দিতে থাকেন তৃণমূল কর্মীরা। বিধায়কের আপত্তিও দলীয় নেতৃত্বের কাছে পৌঁছয়।জানা গেছে, সেখানকার বেশ কিছু কর্মী ঠিক করেন, শেষ পর্যন্ত যদি বৃহস্পতিবার রাজাকে দলে নেওয়া হয় তবে বালিতে বিক্ষোভ দেখানো হবে। উত্তাপের খবর জেলার উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছয় এবং অবশেষে সিদ্ধান্ত হয় রাজা এবং এপি সিংকে দলে নেওয়া হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status