মঙ্গলবার ১৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখন্ডে। তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করেন অভিনেতা। তাঁদের বিয়ে নিয়ে কোনও রাখঢাক করেননি নায়িকা। মুম্বইয়ে তাঁদের বিয়ের অনুষ্ঠানের এলাহি আয়োজন করেছিলেন এই দম্পতি। গত শনিবার থেকেই শুরু হয়েছিল প্রি-ওয়েডিং সেলিব্রেশন। মেহেন্দি, বাগদান, সঙ্গীতে জমজমাট ছিল সেইসব পার্টি। প্রি ওয়েডিং পার্টিতে হাজির ছিলেন কঙ্গনা রানাওয়াত, অম্রুতা খানভিলকর , মাহি ভিজ, এজাজ খান, সৃষ্টি রোডে , জয় ভানুশালী সহ বড়পর্দা ও ছোটপর্দার অনেক তারকাই।
অঙ্কিতা তাঁর প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে বিয়ের দিনের ছবি সবি শোয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিয়ের ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লেখেন,'ভালোবাসা হল ধৈর্য্য রাখা কিন্তু আমাদের ধৈর্য্য ছিল না। অফিসিয়ালি আমরা এখন মিস্টার ও মিসেস জৈন।' মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ছবি। অঙ্কিতাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁর ফ্যানেরা। তবে যে শুভেচ্ছা বার্তায় সবার চোখ আটকে যায়,সেটি লিখেছেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি ।
পবিত্র রিশতা ধারাবাহিকের সেট থেকে পরিচয় হয়েছিল সুশান্ত ও অঙ্কিতার। সেখান থেকেই শুরু প্রেম। এরপর বেশ অনেকবছরই সম্পর্কে ছিলেন অনস্ক্রিন জনপ্রিয় এই যুগল। কিন্তু সুশান্তের বলিউডে পা রাখার কিছুদিনের মধ্য়েই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর ফের অন্য সম্পর্কে জড়ান সুশান্ত ও অঙ্কিতা দুজনেই। গত বছর সুশান্তের আত্মহত্যার পর কান্নায় ভেঙে পড়েন অঙ্কিতা। সেসময় পুরনো সমস্ত ব্যবধান ভুলে অঙ্কিতা সুশান্তের পরিবারের পাশে দাঁড়ায়। সুশান্তের পরিবার সবসময়ই অঙ্কিতাকে কাছে টেনে নিয়েছে। অঙ্কিতার বিশেষ দিনেও তার অন্যথা হল না। এদিন সুশান্তের দিদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ'। অঙ্কিতার সঙ্গীত সেরেমনিতে সুশান্তের গানে নেচেছিলেন অঙ্কিতার মা ও দিদি।