সাত জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, তাই খুন করেছি স্ত্রীকে, দাবি স্বামীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 December, 2021, 7:23 PM
সাত জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, তাই খুন করেছি স্ত্রীকে, দাবি স্বামীর
দাম্পত্যকলহের জেরে প্রতিশোধমূলক যৌনতায় জড়িয়েছিলেন স্ত্রী। তার জেরেই তাঁকে খুন করেছেন স্বামী। চলতি মাসের শুরুকে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় তরুণীর দেহ উদ্ধারে পুলিশের হাতে এসেছে এমনই তথ্য। অভিযুক্ত স্বামী রাজু লস্করকে ঘটকপুকুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২ ডিসেম্বর লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিহতের নাম অনিতা হাওলাদার (৩০)। ক্যানিংয়ের জীবনতলার বাসিন্দা সে। তবে কিছুদিন কলকাতা লাগোয়া বাগুইআটিতে ভাড়া নিয়ে থাকছিলেন তরুণী। গোয়েন্দারা আরও জানতে পারেন, স্বামী রাজু নস্করের সঙ্গে থাকতেন না তিনি। এর পরই সন্দেহের তির ঘুরে যায় রাজুর দিকে।
তদন্তে নেমে লেদার কমপ্লেক্সের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন গোয়েন্দারা। তাতে গত ২৯ নভেম্বর লেদার কমপ্লেক্সে ঢুকছেন তিনি। যে সময় তরুণী সেখানে ছিলেন তখন রাজুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও ছিল লেদার কমপ্লেক্সেই। এর পরই রাজুকে খোঁজা শুরু করেন গোয়েন্দারা। রবিবার ঘটকপুকুর থেকে বাসে করে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তখন তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জেরায় রাজু জানিয়েছেন, দাম্পত্যকলহের জেরে একের পর এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনিতা। এরকম অন্তত ৭ জনের কথা জানেন তিনি। শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্বামীকে ফোন করে আওয়াজ শোনান তিনি। এর পরই অনিতাকে খুনের পরিকল্পনা করেন রাজু। ধৃতকে হেফাজতে নিয়ে খুনের পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত কি না তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।