১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 December, 2021, 12:29 PM
১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে উভয় ঘাটের দুপারে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে আছে সহস্রাধিক যানবাহন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ পদ্মায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করেছিল।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে কাছের নিকটতম বস্তুটিও দেখা যাচ্ছিল না। এ জন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা নিয়ন্ত্রণে আসার পর ফেরি চলাচল ফের শুরু করা হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, পাটুরিয়াঘাট প্রান্তে পাঁচটি ও দৌলতদিয়াঘাট প্রান্তে আটটি ফেরি নোঙর করে ছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়াঘাট এলাকায় পরিবহণ বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
এদিকে আরিচা-কাজিরহাট নৌরুটেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর চালু হয়েছে।