ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
সুটকেস-বস্তায় মিলল নারীর দ্বিখণ্ডিত মরদেহ, বেরিয়ে এলো ডলি হত্যার রহস্য
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 14 September, 2026, 11:36 AM

সুটকেস-বস্তায় মিলল নারীর দ্বিখণ্ডিত মরদেহ, বেরিয়ে এলো ডলি হত্যার রহস্য

সুটকেস-বস্তায় মিলল নারীর দ্বিখণ্ডিত মরদেহ, বেরিয়ে এলো ডলি হত্যার রহস্য

গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সুটকেস ও বস্তার ভেতর থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত ও অর্ধগলিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্যও উদঘাটনের দাবি করেছে সংস্থাটি।

নিহত নারীর নাম ডলি আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার পাহাড়পাবিজান গ্রামের বাদশা মিয়ার মেয়ে। জীবিকার সন্ধানে গাজীপুরে এসে বাঘের বাজার এলাকার গোল্ডেন রিপিট গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।

পিবিআই সূত্র জানায়, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শুরু হয়। তদন্তে প্রাথমিকভাবে পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে ডলি আক্তারকে হত্যা করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, ডলি আক্তারকে হত্যার নেপথ্যে কারা ছিলেন, কীভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয় এবং হত্যার পর কীভাবে মরদেহ খণ্ডিত করে সুটকেস ও বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল—এসব বিষয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, তদন্ত কার্যক্রম এখনও চলমান। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা, জড়িতদের পরিচয় ও তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য জানাতে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

যেভাবে সামনে আসে মরদেহের সন্ধান

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভবানীপুর ফকিরা গার্মেন্টস-সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশে কালভার্টের নিচে একটি কালো রঙের সুটকেস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

সুটকেসটি ঘিরে সন্দেহ তৈরি হলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস খুলে এক নারীর দ্বিখণ্ডিত ও অর্ধগলিত মরদেহের একটি অংশ উদ্ধার করে।

এরপর আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে মরদেহের অপর অংশও উদ্ধার করা হয়।

ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিচয়হীন মরদেহ উদ্ধারের পর থেকেই নিহত নারীর পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষ পর্যন্ত পিবিআইয়ের তদন্তে নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনাও সামনে আসে।

এখন পিবিআইয়ের সংবাদ সম্মেলনে মিলতে পারে আলোচিত ডলি হত্যাকাণ্ডের আরও চাঞ্চল্যকর তথ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status