ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
চলচ্চিত্রে মা-মেয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 2:00 PM

চলচ্চিত্রে মা-মেয়ে

চলচ্চিত্রে মা-মেয়ে

কবি নির্মলেন্দু গ‌ুণের ‘দেশান্তর’ উপন্যাস নিয়ে একই নামে ছবি নির্মাণ করছেন আশুতোষ সুজন। সরকারি অনুদান পাওয়া এই ছবিতে অভিনয় করছেন আহমেদ রুবেল, মৌসুমী, মামুনুর রশীদ প্রমুখ। ছবির একটি মুখ্য চরিত্রের জন্য ১৬ থেকে ১৮ বছরের এক মিষ্টি মেয়ের সন্ধান করছিলেন নির্মাতা। খোঁজ মিলল নির্মাতা সতীর্থ রহমান ও অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা দম্পতির যমজ মেয়ে টাপুর ও টুপুরের। নির্মাতা ছুটলেন তাঁদের বাড়ি। দুজনকেই পছন্দ হলো। কিন্তু চরিত্রের প্রয়োজনে বেছে নিতে হবে একজনকে। আলাপ-আলোচনা আর স্ক্রিপ্ট পর্যালোচনা শেষে আশুতোষ সুজন বেছে নিলেন টাপুরকে। শুরু হলো টাপুরের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের যাত্রা।

টাপুরের পুরো নাম রোদেলা সুভাষিনী টাপুর। পড়াশোনা করে পশ্চিমবঙ্গে কালিমপংয়ে ড. গ্রাহামস হোমস স্কুলে। ক্লাস নাইন শেষ করল এ বছর। বছরে চারবার ছুটিতে দেশে আসে দুই বোন। সেই ছুটির অবসরে যতটুকু কাজ করা যায়। ছোটবেলায় বাবা সতীর্থ রহমানের ‘খোলশ’ নাটকে প্রথম অভিনয় করে টাপুর। এরপর চয়নিকা চৌধুরী, মাতিয়া বানু শুকুসহ অনেকের নাটকেই কাজ করেছে। কাজ করেছে বিজ্ঞাপনচিত্রেও। কিন্তু চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা এবারই প্রথম। তাই বাবা-মা আর বোন—সবাই মিলে সহযোগিতা করলেন টাপুরকে। এমনকি, গাজীপুরে শুটিংয়ের পুরো সময়টা মা ছন্দা আর বোন টুপুর ছিল পাশে। চরিত্রের ধরন, চলন-বলন— সবটাই পরিচালকের কাছে বুঝে নিয়েছেন মা ছন্দা, এরপর দিনের পর দিন সময় দিয়ে তৈরি করেছেন মেয়ে টাপুরকে। ‘দেশান্তর’ ছবিতে মৌসুমীর মেয়ের চরিত্রে অভিনয় করেছে টাপুর। তার বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান। ছবিটি আগামী এপ্রিল মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। তার আগে নতুন কোনো ছবিতে অভিনয় করবে না টাপুর। এই অবসরে ছন্দা মন দিয়েছেন নিজের কাজে।

গোলাম ফরিদা ছন্দা এখন আছেন খুলনায়। শুটিং করছেন তালাত আহমেদের ‘কোন এক কালে’ নামের ছবিতে। গ্রামীণ পটভূমিতে তৈরি হচ্ছে এই ছবি। চলতি সপ্তাহের পুরোটা সময়ই সেখানে শুটিংয়ে থাকবেন ছন্দা। ঢাকায় ফিরে জানাবেন ছবির বিস্তারিত।

এর আগে সরকারি অনুদান পাওয়া মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের ছবিতে জাতির পিতার মায়ের চরিত্রে অভিনয় করেছেন ছন্দা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরজীবনের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্রে অভিনয় করেছে সৌম্য। আরেক শিল্পী দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির ছেলে সে। ছবির প্রথম ভাগের কাজ শেষ হয়েছে। প্রস্তুতি চলছে দ্বিতীয় ভাগের। সরকারি অনুদানের আরও একটি স্বল্পদৈর্ঘ্য ছবির কাজ শেষ করেছেন ছন্দা। নাম ‘এ বিজয় রক্তে কেনা’। নির্মাণ করেছেন শায়লা রহমান তিথি। এ ছাড়া বেশ কয়েকটি টেলিভিশনের চলতি ধারাবাহিকেও কাজ করছেন তিনি। ঢাকায় ফিরে সময় দিতে হবে সেগুলোতেও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status