ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, ৯ হাজার টাকায় বিক্রি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 3:29 PM

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, ৯ হাজার টাকায় বিক্রি

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, ৯ হাজার টাকায় বিক্রি

বগুড়ার কাহালু উপজেলায় ফাহারুল ইসলাম বিজয় নামে এক স্কুলছাত্রকে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব জানায় ছিনতাইয়ের পর ঐ ভ্যান ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার মধ্যরাতে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে রিজু নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আরো দুজনকে গ্রেফতার করা হয়। রিজু এই হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনার মূলহোতা। এমন দাবি র‌্যাবের। ২২ বছরের রিজু বগুড়ার সোনাতলা উপজেলার মাদারীপাড়া গ্রামের বাসিন্দা।

গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন সোনাতলা উপজেলার মাদারীপাড়া গ্রামের বাসিন্দা ২০ বছর বয়সী আশাদুল ইসলাম এবং বগুড়া গাবতলী উপজেলার একবাড়িয়া গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সী শাবলু মিয়া সরকার। তাদেরকে নিজ নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

নিহত ১৬ বছর বয়সী বিজয় বগুড়ার কাহালু উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের লিটন মিয়ার ছেলে। সে গাবতলীর সোনারায় স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। বিজয় পড়াশোনার পাশাপাশি অটোভ্যান চালাতো।গত ৩০ মার্চ (বুধবার) সকাল থেকে নিখোঁজ ছিল বিজয়। পরদিন ৩১ মার্চ সকালে উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের ফসলি জমির পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে গত ১ এপ্রিল এই হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে কাহালু থানায় মামলা করা হয়। মামলাটি করেন নিহত বিজয়ের বাবা।

এ ঘটনায় মঙ্গলবার বেলা ১২ টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।

তিনি জানান, গ্রেফতার রিজুর উদ্দেশ্য ছিল অটোভ্যান ছিনতাই করা। কিন্তু চালক বিজয় তার পূর্ব পরিচতি হওয়ায় ঘটনা জানাজানি হওয়ার ভয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে খুন করেন তিনি। সাতদিন আগে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করেন রিজু।

র‌্যাব কর্মকর্তা মো. সোহরাব জানান, পরিকল্পনা অনুযায়ী গত ৩০ মার্চ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ঘুরতে যাওয়ার জন্য বিজয়ের ভ্যান ভাড়া করেন রিজু। এ সময় তার সঙ্গে আরো একজন ছিল। বিজয় গরিব হওয়ায় বেশি টাকার লোভে ভাড়ায় যেতে রাজি হন। ঐদিন বিকেল পর্যন্ত দুপচাঁচিয়ায় তারা ঘুরাঘুরি করেন। পরে ঐদিন সন্ধ্যায় ফেরত আসার সময় কাহালু উপজেলার নারহট্ট এলাকায় পেছন থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বিজয়কে খুন করা হয়। রাস্তার ধারে ফসলি জমির পাশের একটি খালে তার লাশ ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যান রিজু ও তার সহযোগী।

তিনি আরো জানান, রিজু নিজেই ছুরিকাঘাত করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এরপর আশাদুলের সহযোগিতায় অটোভ্যানটি শাবলুর কাছে কেটে খণ্ড করে বিক্রি করেন। সব মিলিয়ে ভ্যান বিক্রি করে মোট ৯ হাজার টাকা পান রিজু । টাকা নিয়ে রিজু চট্টগ্রামে পালিয়ে ছিলেন।

র‌্যাব কর্মকর্তা মো. সোহরাব হোসেন আরো জানান, গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক থাকা রিজুর সহযোগীকে গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status