|
মেয়র হওয়ার পরের দিনই বাঙালি খাবার খেলেন মামদানি! কী কী ছিল মেনুতে?
নতুন সময় ডেস্ক
|
![]() মেয়র হওয়ার পরের দিনই বাঙালি খাবার খেলেন মামদানি! কী কী ছিল মেনুতে? নিউ ইয়র্কের ওই বাঙালি রেস্তরাঁর নাম ‘বৈশাখী’। কুইন্সের অ্যাস্টোরিয়ার ৩৬ অ্যাভিনিউয়ের বাংলাদেশী রেস্তরাঁটিকে খুব বিলাসবহুল বলা চলে না। বরং এটির বন্দোবস্ত খানিকটা কলকাতার পাইস হোটেলের ধাঁচের। যেখানে টেবিল কারও ব্যক্তিগত নয়। পাশে জায়গা থাকলে থালা হাতে নিয়ে অন্য অতিখিও এসে বসতে পারেন। এই ধরনের রেস্তরাঁয় খাওয়ার টেবিলে দু’জন অচেনা মানুষের মধ্যে আলাপ আলোচনা, গল্প-গুজব হয়। রসনার সুবাদে জুড়ে যান মানুষ। নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র মামদানিকেও সম্ভবত সেই সাধারণের সঙ্গে জুড়তে পারাই আকর্ষণ করেছে। তবে সেই সঙ্গে বাঙালি খাবারের স্বাদের প্রতি তাঁর অনুরাগের কথাও জানিয়েছেন মামদানি। গত বছর এপ্রিলে ওই বাঙালি রেস্তরাঁয় খাওয়া দাওয়া করেছিলেন মামদানি। তখনই জানিয়েছিলেন, বাঙালি খাবারের স্বাদ তাঁর ভাল লেগেছে। মেয়র হিসাবে অভিষিক্ত হওয়ার পরে সেই স্বাদের ভাগ নিতেই গত শুক্রবার তিনি আবার হাজির হলেন ‘বৈশাখী’তে। রেস্তরাঁয় বসে বাকি অতিথিদের সঙ্গে খেলেন বাঙালি মশলা এবং ঘিয়ে কষানো মুরগির মাংসের রোস্ট আর আলুর ভর্তা। যা এর আগেও এ রেস্তরাঁয় এসে খেয়েছেন মামদানি। মামদানি যে আলুর ভর্তা বা আলু মাখা খেয়েছেন, তা সাধারণ বাঙালি বাড়িতে প্রতিনিয়ত খাওয়া হয়। পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ এবং সরিষা তেল দিয়ে মাথা সেদ্ধ আলু ডাল-ভাত বা ঘি-ভাতের পাশে থাকলে আর কোনও তরকারির দরকার পড়ে না। অন্য দিকে, মুরগির মাংসের রোস্ট বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানের জনপ্রিয় রান্না। এতটাই যে বাংলাদেশে ওই রান্নার নামই হয়ে গিয়েছে বিয়েবাড়ির চিকেন রোস্ট। মামদানি ওই দু’টি খাবারেই সম্পূর্ণ করেছেন তাঁর নৈশভোজ। টুইটারে বাঙালি রেস্তরাঁর রাঁধুনিদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘মেয়র হিসাবে আমার দ্বিতীয় দিন এর থেকে আর কত ভাল ভাবে শেষ করতে পারতাম। বৈশাখীতে (খেলাম) চিকেন রোস্ট আর আলু ভর্তা।’’ প্রসঙ্গত, মামদানির সঙ্গে বাংলার একটি ক্ষীণ সম্পর্ক রয়েছে। তাঁর মা চিত্রপরিচালক মীরা নায়ার তাঁর প্রথম জীবনে বাঙালি নাট্যকার বাদল সরকারের নাটকে অভিনয় করেছেন। পরবর্তী কালে মীরা তাঁর কিছু কিছু ছবিতে বাঙালি সংস্কৃতিকেও তুলে ধরেছেন। তবে নিউ ইয়র্কের ভারতীয় মেয়র শুধু বাঙালি খানায় আসক্ত, তা নয়। তিনি এমনিতেই ভোজন রসিক। ভারতীয় খাবারের প্রতিও তাঁর বাড়তি টান আছে। বিবিসির এক সাক্ষাৎকারে বিরিয়ানির প্রতি তাঁর ভালবাসার কথা জানিয়েছিলেন মামদানি। গত ১ জানুয়ারি মেয়র হিসাবে অভিষেকের পরে তাঁর প্রথম সাক্ষাৎকারও দিয়েছেন এক রেস্তরাঁয় বসে। সেই মেনুতেও ছিল ভারতীয় খাবার— মোমো, আলুর দম ইত্যাদি। এমনকি, ভারতীয়দের মতোই কাচের গ্লাসে দুধ দেওয়া চা-ও পরিবেশন করা হয়েছিল মেয়রকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
