ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এনইআইআর: এমআইওবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 6 January, 2026, 4:45 PM

ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এনইআইআর: এমআইওবি

ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এনইআইআর: এমআইওবি

দেশের মোবাইল ফোন শিল্পে স্বচ্ছতা বৃদ্ধি, ভোক্তা সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়ন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি)। এ উপলক্ষে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে ‘এনইআইআর-এর হাত ধরে শুরু হোক নিরাপদ বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এনইআইআর ব্যবস্থার দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব, ভোক্তা সুবিধা এবং দেশের মোবাইল ফোন ইকোসিস্টেমে এর ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে এনইআইআর বাস্তবায়নকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে সংঘটিত ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এতে এমআইওবি’র সদস্যসহ শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমআইওবি জানায়, সরকার ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যকর করার পাশাপাশি স্মার্টফোন আমদানি শুল্ক হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে, তা বৈধ আমদানিকে উৎসাহিত করবে এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে। সংগঠনটির মতে, এসব নীতিগত উদ্যোগ দীর্ঘদিনের অনিয়ম কমিয়ে একটি সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

আলোচনায় বলা হয়, এনইআইআর কার্যকর হলে অবৈধ, নকল ও চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ সহজ হবে। ফলে ফোন ক্লোনিং, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমবে এবং ভোক্তারা সরাসরি নিরাপত্তার সুফল পাবেন। পাশাপাশি বৈধ ব্যবসা ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় রাজস্ব আদায় এবং ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।

এমআইওবি’র তথ্যমতে, বর্তমানে দেশে ১৮টি স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে তিন হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে। এ খাতে সরাসরি ৫০ হাজার এবং পরোক্ষভাবে আরও প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিক যুক্ত।

তবে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে জানায়, এনইআইআর বাস্তবায়নের বিরোধিতায় কিছু অবৈধ ব্যবসায়ীর সহিংস ও বিশৃঙ্খল কর্মকাণ্ড বিনিয়োগ পরিবেশ ও দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে এসে নীতিগত মতভেদ শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে সমাধানের আহ্বান জানায় এমআইওবি।

এমআইওবি সভাপতি জাকারিয়া শহীদ বলেন, এনইআইআর বাস্তবায়ন দেশের মোবাইল ফোন শিল্পে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করবে। সরকারের এই উদ্যোগে বৈধ ব্যবসা সুরক্ষিত হবে এবং ভবিষ্যতে স্মার্টফোন শিল্প দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status