ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে ডিবির হাতে ভুয়া ডিবি পুলিশ ও ভূয়া সাংবাদিক গ্রেপ্তার, উদ্ধার অবৈধ সরঞ্জাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 January, 2026, 6:05 PM

গাজীপুরে ডিবির হাতে ভুয়া ডিবি পুলিশ ও ভূয়া সাংবাদিক গ্রেপ্তার, উদ্ধার অবৈধ সরঞ্জাম

গাজীপুরে ডিবির হাতে ভুয়া ডিবি পুলিশ ও ভূয়া সাংবাদিক গ্রেপ্তার, উদ্ধার অবৈধ সরঞ্জাম

গাজীপুর মহানগরে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ।

অভিযানে তাদের কাছ থেকে ডিবি পুলিশের কটি, হ্যান্ডকাফ, পুলিশ পরিচয়পত্র, ভুয়া প্রেস আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পালের নেতৃত্বে শনিবার (২৪ জানুয়ারি) রাতের দিকে সদর মেট্রো থানাধীন চাকুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় ও চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে মনসুর নামের এক ব্যক্তির টিনের ছাপরা ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রোমান হোসেন শুভ (২৫), শাহিন আলম (৪০), মো. ইউসুফ আলী, মো. সাইফুল ইসলাম (৩৬) ও মো. কবির হোসেন (৩০)।

গ্রেপ্তারের পর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, একটি ডিবি পুলিশের কটি, একটি লেজার লাইট, একটি ডিএসএলআর ক্যামেরা, অনলাইন পোর্টালের ব্যবহৃত একটি মাউথ স্পিকার, ইউসুফ আলী নামীয় একটি পুলিশ আইডি কার্ড, ‘মাতৃবাংলা প্রেস’ লেখা দুটি ভুয়া প্রেস আইডি কার্ড, একটি পুরাতন কালো রঙের পালসার মোটরসাইকেল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর (মিডিয়া সেল) মোহাম্মদ আরিফুর রহমান রোববার সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের কখনো ডিবি পুলিশের সদস্য, আবার কখনো সাংবাদিক পরিচয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিভিন্ন অপরাধের ভয় দেখিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করাও তাদের কৌশলের অংশ ছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। রোমান হোসেন শুভ'র বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা, শাহিন আলমের বিরুদ্ধে একটি অপহরণ ও একটি প্রতারণা মামলা রয়েছে। এছাড়া মো. ইউসুফ আলীর বিরুদ্ধে তিনটি যৌতুকের জন্য মারপিট মামলা, একটি ডাকাতির প্রস্তুতির মামলা, দুটি হত্যা মামলা, একটি মারামারি মামলা এবং একটি ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status