|
‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা’ নরসিংদীতে গ্যারেজকর্মীর মৃত্যু ঘিরে রহস্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() ‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা’ নরসিংদীতে গ্যারেজকর্মীর মৃত্যু ঘিরে রহস্য শনিবার (২৪ জানুয়ারি) ভোরে ওই গ্যারেজ থেকে চঞ্চল ভৌমিক (২৫) নামে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাকাণ্ড’ হিসেবে ছড়িয়ে পড়লেও পুলিশ এখনো নিশ্চিত করে বলতে পারছে না—এটি হত্যা নাকি দুর্ঘটনা। নিহত চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। তিনি সাত বছর ধরে ওই গ্যারেজে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং রাতের বেলায় সেখানেই ঘুমাতেন। ছয় মাস আগে তার বাবা মারা যান। কুমিল্লার গ্রামে মা ও শারীরিক প্রতিবন্ধী বড় ভাই থাকেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন চঞ্চল। রোববার (২৫ জানুয়ারি) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাশাপাশি তিনটি টিনশেড দোকান রয়েছে। মাঝখানেরটি রুবেল মিয়ার গ্যারেজ। দুই পাশে থাকা দোকানগুলোর একটিতে গাড়ি রং করা হয় এবং অন্যটিতে গাড়ির যন্ত্রাংশ বিক্রি করা হয়। তবে গ্যারেজে আগুন লাগলেও পাশের দুই দোকানে আগুন ছড়ানোর কোনো চিহ্ন নেই। এ বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, এটি কোনো দুর্ঘটনা হতে পারে না। নিহত চঞ্চলের সহকর্মী শান্ত দেবনাথ (২২) বলেন, চঞ্চলের কারও সঙ্গে শত্রুতা ছিল বলে তিনি কখনো শোনেননি। তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাত ব্যক্তি আশপাশ থেকে মবিলমাখা কাপড় ও কাগজ কুড়িয়ে এনে গ্যারেজের শাটারের সামনে আগুন ধরান। গ্যারেজের ভেতরে আগে থেকেই মবিল ছড়িয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শাটারের ভেতর ঢুকে ঘুমন্ত চঞ্চলের শরীরে লাগে। গ্যারেজের মালিক রুবেল মিয়া বলেন, “আমি কোনোভাবেই এটিকে দুর্ঘটনা মনে করতে পারছি না। পরিকল্পিত না হলেও এটি হত্যাকাণ্ড। ওই পরিবারে এখন উপার্জন করার আর কেউ রইল না।” তিনি জানান, শনিবার সন্ধ্যায় মরদেহ কুমিল্লায় নেওয়া হয় এবং রোববার দুপুরে চঞ্চলের শেষকৃত্য সম্পন্ন হয়। চঞ্চলের মা ববিতা ভৌমিক বলেন, “আমার ছেলেরে আগুন দিয়া মাইরা ফেলছে। ওর তো কোনো শত্রু ছিল না। এহন সংসার চালাইব কে?” নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন বলেন, ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে এখনও শনাক্ত বা আটক করা যায়নি। তাকে ধরতে থানা-পুলিশের পাশাপাশি র্যাব ও ডিবি কাজ করছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে চঞ্চল গ্যারেজে ঘুমিয়েছিলেন। গভীর রাতে আগুন লাগলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন সকালে তার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি প্রায় দুই ঘণ্টা গ্যারেজের সামনে অবস্থান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
