জুমার নামাজে ২শ টাকা দান করতে দিলেন দুটি পাঁচশ টাকার জালনোট, অতঃপর
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 20 June, 2026, 8:50 PM
জুমার নামাজে ২শ টাকা দান করতে দিলেন দুটি পাঁচশ টাকার জালনোট, অতঃপর
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন। ঘটনাটি মুহূর্তেই মুসল্লিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বাঁচতে পরিচয় ব্যনহার করেছেন ভূয়া সাংবাদিকতারও।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে মসজিদে দান করার সময় সন্দেহজনক আচরণের কারণে উপস্থিত মুসল্লিরা ওই ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করতে চান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি ভালোভাবে পরীক্ষা করেন। পরে আরও কয়েকজন যাচাই করে নিশ্চিত হন যে নোট দুটি জাল। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পবিত্র জুমার নামাজের সময় মসজিদের মতো ধর্মীয় স্থানে জাল টাকা দিয়ে প্রতারণার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।