ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম-১ আসনে জয়-পরাজয়ের নির্ধারক হতে পারে নারী ভোটার
এফ কে আশিক , ভূরুঙ্গামারী
প্রকাশ: Saturday, 31 January, 2026, 11:25 AM

কুড়িগ্রাম-১ আসনে জয়-পরাজয়ের নির্ধারক হতে পারে নারী ভোটার

কুড়িগ্রাম-১ আসনে জয়-পরাজয়ের নির্ধারক হতে পারে নারী ভোটার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের (নাগেশ্বরী – ভূরুঙ্গামারী) উপজেলা নিয়ে গঠিত ২৫ কুড়িগ্রাম ১ আসনে নারী ভোটাররাই হয়ে উঠতে পারেন জয়-পরাজয়ের প্রধান নির্ধারক। বদলে দিতে পারে ভোটের সমীকরণ। কারণ, এ আসনে মোট ভোটারের অর্ধেকেরও বেশি নারী। ফলে নির্বাচনী কৌশলে নারী ভোটারদের বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ৪২৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৮২ হাজার ৫৫১ জন। অর্থাৎ পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি ১ হাজার ১২৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

নির্বাচন পর্যবেক্ষকদের মতে, এ আসনে নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে পুরুষ ভোটারদের কেন্দ্র করে প্রচারণা চালানো হলেও এবার নারী ভোটারদের সমান গুরুত্ব দেওয়া না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। যদিও রাজনৈতিক দলগুলো টং দোকান, হাট-বাজার, মিছিল-মিটিংসহ নানা মাধ্যমে পুরুষ ভোটারদের কাছে পৌঁছাতে সক্রিয়, তবে নারী ভোটারদের কাছে সেভাবে জোরালো প্রচারণা এখনো দৃশ্যমান নয়। যে দল নারী ভোটারদের যথাযথ গুরুত্ব দিতে পারবে, ভোটের ফলাফলে তারাই এগিয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল হক, জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী এ কে এম মুস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারি রনি, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী আব্দুল হাই মাস্টার ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

প্রার্থীরা নারী ভোটারদের কাছে পৌঁছাতে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও ঘরে ঘরে গণসংযোগ চালাচ্ছেন। নারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এ ক্ষেত্রে বিএনপি ও জামায়াতে ইসলামী তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে বলে স্থানীয়দের অভিমত। দল দুটির নারী নেত্রীরা বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।

নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবার আগে সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নারী শিক্ষার প্রসার চান। দুর্গম চরাঞ্চলের নারীরাও যেন আত্মমর্যাদা নিয়ে সমাজে চলতে পারেন এ প্রত্যাশাই তাদের। ভোট দেওয়ার ক্ষেত্রে তারা শিক্ষিত, সৎ এবং মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো প্রার্থীকে অগ্রাধিকার দিতে চান।

কুড়িগ্রাম-১ আসনে জয়-পরাজয়ের নির্ধারক হতে পারে নারী ভোটার

কুড়িগ্রাম-১ আসনে জয়-পরাজয়ের নির্ধারক হতে পারে নারী ভোটার

ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক রাশিদা আখতার বলেন, ‘এ অঞ্চলে নারী ভোটাররা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এবার পরিবর্তনের সুযোগ এসেছে। নারীরা শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চায়। নির্বাচিত হলে কে কীভাবে নারীদের উন্নয়নে কাজ করবেন, সে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।’

নাগেশ্বরী যুব প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক অনন্যা বলেন, ‘প্রার্থীদের প্রতিশ্রুতি যেন কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাস্তব ও টেকসই পরিবর্তন চাই। নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি মাতৃ ও শিশু স্বাস্থ্য, সাশ্রয়ী চিকিৎসা, নারী উদ্যোক্তা তৈরি এবং রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি।’

ভূরুঙ্গামারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম বলেন, ‘তারেক রহমান দেশে ফেরার পর রাজনৈতিক মাঠের চিত্র বদলে গেছে। আমরা নারী নেত্রীরা ঘরে ঘরে গিয়ে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করছি। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও “ফ্যামিলি কার্ড”সহ নারীবান্ধব পরিকল্পনাগুলো তুলে ধরছি।’

নাগেশ্বরী উপজেলা মহিলা জামায়াতের দায়িত্বশীল মমতাজ বেগম জানান, আমরা আমিরে জামায়াতের ইশতেহার নিয়ে বাড়ি বাড়ি নারীদের কাছে যাচ্ছি, ব্যাপক সাড়াও পাচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত।

সব মিলিয়ে, কুড়িগ্রাম-১ আসনে নারী ভোটারদের মন জয় করতে পারাই এবারের নির্বাচনে বিজয়ের চাবিকাঠি হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status