ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেইলি সানের বিশেষ রাউন্ডটেবিল, পাঁচ কৃতী ক্রীড়াবিদকে সম্মাননা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2026, 10:13 PM

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেইলি সানের বিশেষ রাউন্ডটেবিল, পাঁচ কৃতী ক্রীড়াবিদকে সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেইলি সানের বিশেষ রাউন্ডটেবিল, পাঁচ কৃতী ক্রীড়াবিদকে সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সাফল্য, সংগ্রাম ও সম্ভাবনার গল্প তুলে ধরতে বিশেষ জাতীয় গোলটেবিল আলোচনা আয়োজন করেছে ডেইলি সান।

‘গ্রেস প্রেজেন্টস রাইজ অব উইমেন’স স্পোর্টস’ শিরোনামের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের বিভিন্ন অঙ্গনের নারী ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়া সংগঠক এবং নীতিনির্ধারকেরা এতে অংশ নিয়ে নারী ক্রীড়ার অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ডেইলি সানের এই উদ্যোগে টাইটেল পার্টনার হিসেবে ছিল গ্রেস এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল এস-রহমান প্রপার্টিস ও বসুন্ধরা মেডিকেল সিটি। আয়োজকদের মতে, করপোরেট খাতের এ ধরনের সম্পৃক্ততা নারী ক্ষমতায়ন এবং নারী ক্রীড়ার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়, যেখানে বিভিন্ন ডিসিপ্লিনের নারী ক্রীড়াবিদরা তাদের অভিজ্ঞতা, সংগ্রাম এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। বর্তমান ও সাবেক জাতীয় দলের খেলোয়াড়, কোচ এবং ক্রীড়া কর্মকর্তারা আলোচনায় অংশ নিয়ে নারী ক্রীড়ার বিকাশে বিদ্যমান কাঠামোগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন।

আলোচনায় উন্নত প্রশিক্ষণ সুবিধার সীমাবদ্ধতা, আর্থিক নিরাপত্তার অভাব, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা এবং গণমাধ্যমে পর্যাপ্ত প্রচারের ঘাটতির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অনেক ক্রীড়াবিদ প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষে নারী খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সহায়তা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

গোলটেবিল আলোচনায় উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াবিদ ও কোচদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের উত্থাপিত বিষয়গুলো নোট নেন। তিনি আশ্বাস দেন, নারী ক্রীড়াবিদদের জন্য আরও ভালো পরিবেশ ও সুযোগ তৈরিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তাদের নিষ্ঠা, পরিশ্রম ও দৃঢ়তা দেশের জন্য গর্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।

এই গোলটেবিল আলোচনার মূল লক্ষ্য ছিল জাতীয় গৌরব ও সামাজিক পরিবর্তনে নারী ক্রীড়াবিদদের অবদান তুলে ধরা এবং সামনে থাকা চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো চিহ্নিত করা। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ ক্রীড়াবিদ, নীতিনির্ধারক, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমের মধ্যে গঠনমূলক সংলাপ সৃষ্টি করবে এবং বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক সালমা খাতুন, জাতীয় দলের পেসার মারুফা আক্তার এবং অলরাউন্ডার শর্না আক্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দলের অধিনায়ক অর্পিতা পাল, একই দলের গোলরক্ষক হিমাদ্রি বড়ুয়া সুখ এবং বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ।

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সানজিদা আক্তার, জাতীয় শুটিং দলের কামরুন্নাহার কলি ও তাসমায়াতি এমা আলী এবং দাবা থেকে নারী ফিদে মাস্টার নওশিন আঞ্জুমও আলোচনায় অংশ নেন।

এ ছাড়া জাতীয় আর্চারি দলের বন্না আক্তার, জাতীয় বক্সার সানজিদা জান্নাত, টেবিল টেনিস খেলোয়াড় খয় খয় সাই মারমা, সাদিয়া রহমান মৌ ও সোনাম সুলতানা সোমা এবং ভারোত্তোলক মাবিয়া আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তরুণ ফুটবলারদের মধ্যেও অনেকেই অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবল দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস এবং অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দলের খেলোয়াড় সিনহা জাহান সিখা।

কোচিং কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারী ফুটবল কোচ লিনা চাকমা, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন এবং নারী ফুটবল কোচ মাহমুদা শরিফা অদিতি।

আলোচনার শেষ পর্যায়ে ক্রীড়াবিদরা বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও দৃঢ়তা, পরিশ্রম ও অদম্য মানসিক শক্তির জোরেই বাংলাদেশে নারী ক্রীড়ার উত্থান ঘটছে। নীতিগত সহায়তা, উন্নত অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক সমর্থন আরও জোরদার হলে ভবিষ্যতে দেশের নারী ক্রীড়া নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

ডেইলি সানের সম্মাননা পেলেন পাঁচ কৃতী নারী ক্রীড়াবিদ

বাংলাদেশে নারী ক্রীড়ার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া, আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্যকে সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে পাঁচজন কৃতী নারী ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করেছে ডেইলি সান।

সম্মাননা প্রাপ্তরা হলেন:–

১. সালমা খাতুন (ক্রিকেটার)

২. মাবিয়া আক্তার (ভারোত্তোলক)

৩. সানজিদা আক্তার (ফুটবলার)

৪. নিগার সুলতানা জ্যোতি (ক্রিকেটার)

মাহফুজা খাতুন শিলা (সাঁতারু)

অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস এবং এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status