সিলেট নগরে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নগরের দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, বেপরোয়া গতিতে একটি সিএনজিচালিত অটোরিকশা আসতে দেখে নগরের সুবিদবাজার পয়েন্টে চালককে থামতে সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে চলে যান। পরে নগরের রিকাবীবাজার পয়েন্টেও তাকে সিগন্যাল দিলে তিনি থামেননি।
এরপর পুলিশের একজন সার্জেন্ট তাকে ধাওয়া করে বাবনা পয়েন্টে গিয়ে আটক করেন। আটকের সময় এলাকার লোকজন ওই চালককে মারধর করেন। পরে পুলিশের সঙ্গে এলাকার একজনের বাগবিতণ্ডার সময় পুলিশের গালে থাপ্পড় মারেন ওই চালক।
পুলিশ কমিশনার বলেন, ‘এ ঘটনার পর ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তার বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের ঘটনা আর ঘটলে আইনিভাবে মোকাবেলা করা হবে। পুলিশের কাজে কেউ বাধা দিলে, হেনস্থা বা গায়ে হাত তুলার মতো ঘটনা কোনো অবস্থাতে সহ্য করা হবে না।