|
রেলওয়ের গুরুত্বপূর্ণ সিসিএস শাখায় আগুন, কাজ করেনি কোটি টাকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() রেলওয়ের গুরুত্বপূর্ণ সিসিএস শাখায় আগুন, কাজ করেনি কোটি টাকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে পাহাড়তলী সিসিএস দপ্তরের পি-টু শাখায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দপ্তরটিতে কোটি টাকা ব্যয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন করা থাকলেও আগুন নেভাতে শেষ পর্যন্ত ডাকা হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও দপ্তরের অভ্যন্তরে রাখা গুরুত্বপূর্ণ নথিপত্রের কিছু অংশ আগুনে পুড়ে যায়। এতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিশেষ করে যেখানে দপ্তরের নথিপত্র রাখা হয়েছে ঠিক সেই কক্ষেই আগুন লাগার ঘটনায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, এটি কোনোভাবে প্রমাণ লোপাটের পরিকল্পিত ঘটনা কি না। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। সিসিএস দপ্তরের পি-টু শাখার প্রধান সহকারী মনির হোসেন জানান, আগুনে কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
